'সংসদে যখন বলা হয়, ৪ শতাংশ মানুষ বেকার, তখন হাসি পায়'

>প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বই নিয়ে আলোচনা
বেকারদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেছেন, ‘সংসদে যখন বলা হয়, ৪ শতাংশ মানুষ বেকার, তখন হাসি পায়। এসব গালগল্প ছাড়া আর কিছুই নয়।’
বুধবার নিজের রচিত দারিদ্র্যের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আকবর আলি খান এসব কথা বলেন। প্রথমা প্রকাশন বইটি প্রকাশ করেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) তাদের বনানী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আকবর আলি খান দারিদ্র্য মাপার বর্তমান পদ্ধতিগুলোয় ত্রুটি আছে বলে মনে করেন। তিনি বলেন, শিল্পবিপ্লবের আগে দারিদ্র্যকে জীবনের অংশ মনে করা হতো। ১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি দরিদ্র লোক ছিল। তিনি মনে করেন, দারিদ্র্য মাপার যত পদ্ধতি আছে, সব কটিতেই কিছু না কিছু ত্রুটি আছে। যেমন টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসজিডি) ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে যদি ‘দারিদ্র্য থাকবে না’ বিবেচনা করা হয়, তাহলে আগামী ৫০ থেকে ১০০ বছরেও দারিদ্র্য নির্মূল করা সম্ভব হবে না।
আকবর আলি খান আরও বলেন, ‘দারিদ্র্য দূর করায় অন্য দেশের তুলনায় ভালো করছি’—এই বক্তব্যের সঙ্গে একমত নই। ১৯৭২-৭৩ সালে দারিদ্র্য বিমোচনে ৪০-৪২টি দেশের পেছনে ছিল বাংলাদেশ। তখন বিশ্বব্যাংকের সদস্য দেশ ছিল ১৪০টির মতো। এখন ২০৩টি দেশ। বাংলাদেশ এখন নিম্নতম ৩০ শতাংশ দেশের মধ্যে আছে।
প্রকাশিত বইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন ১৯১৬ সালের ফরিদপুরের সেটেলমেন্ট কর্মকর্তা জেসি জ্যাকের একটি সমীক্ষার উদাহরণ টেনে দারিদ্র্যরেখার নতুন সংজ্ঞা নির্ধারণের পরামর্শ দেন। তিনি মনে করেন, জীবনযাত্রার মান ও জন-আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে একটি স্বতন্ত্র দারিদ্র্যরেখা থাকা উচিত। আগামী ১০-২০ বছর কমপক্ষে গড়ে ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলে চরম দারিদ্র্য দূর হবে। এতে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণির বিকাশ হবে, তারা সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টি করতে পারবেন। তাঁর মতে, এখন গণতন্ত্র পিছু হটছে।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, সব সময় দারিদ্র্য ও বৈষম্য ছিল।
এ দেশে দারিদ্র্য কমলেও বৈষম্য বাড়ছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তাঁর মতে, আর্থিক খাত থেকে সম্পদ লুট করে বিদেশে পাচার করা হচ্ছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন এ টি এম নুরুল আমিন বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে দারিদ্র্যরেখার পরিবর্তন করা উচিত।
প্রথম আলো সম্পাদক ও প্রথমা প্রকাশনের প্রকাশক মতিউর রহমান বলেন, সুশাসনের সমস্যা সমাধানে দারিদ্র্য নিরসন প্রয়োজন, গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলে। এই গণতন্ত্র শুধু নামমাত্র গণতন্ত্র নয়। তিনি আরও বলেন, ‘বই প্রকাশের জগতে এসে নতুন করে শিখলাম এ দেশের মানুষ বই পড়ে। গত সাত বছরে প্রথমা প্রকাশন থেকে আকবর আলি খানের ছয়টি বই প্রকাশ হয়েছে।’
উন্মুক্ত আলোচনা পর্বে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাবেক বিশেষ উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম মত দেন, বাংলা ভাষায় বুদ্ধিবৃত্তিক চর্চা হয় না বললেই চলে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুর আহমেদের মতে, ক্রমবর্ধমান সম্পদ ও আয়বৈষম্য দূর করতে নীতি প্রণয়ন করা দরকার। গণতন্ত্র বা আইনের শাসন না থাকলে সুশাসন কীভাবে প্রতিষ্ঠা পাবে?
সবশেষে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ কোটি তরুণ-তরুণীকে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিতে হবে। ‘নয়-ছয়’ সুদের হার নির্ধারণকে সরকারের সঠিক সিদ্ধান্ত নয় বলে মনে করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি ব্যাংক কমিশন নয়, আর্থিক খাত সংস্কারের পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার। আরও বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির সাবেক শিক্ষক মইনুল আহসান, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রমুখ।