‘সংস্কৃতিতে বদলে যাওয়ার ও বদলে দেওয়ার বিষয় আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংস্কৃতি হলো নিজের কিংবা নিজেদের আচার-আচরণ ও দৃষ্টিভঙ্গির সংস্কার সাধন। সংস্কৃতিতে বদলে যাওয়ার ও বদলে দেওয়ার বিষয় আছে। মানুষের সত্তায় সংস্কৃতিচেতনা রয়েছে। এর বিকার ঘটলেই দেখা দেয় অপসংস্কৃতি।’ গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এক বক্তৃতায় সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বাংলা বিভাগের সুপার নিউমারারি আবুল কাসেম ফজলুল হক এ কথা বলেন। বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র যৌথভাবে এ বক্তৃতার আয়োজন করে। ‘সংস্কৃতি কী এবং কেন’ শীর্ষক বিশেষ বক্তৃতার মূল বক্তব্যে আবুল কাসেম ফজলুল হক বলেন, সংস্কারের ধারণার সঙ্গে সংস্কৃতির ধারণার মিল আছে। সংস্কার বলতে বোঝায় শুদ্ধিকরণ, পরিমার্জন, পরিশোধন ও উৎকর্ষ সাধন। আর সংস্কৃতি হলো নিজের কিংবা নিজেদের আচার-আচরণ ও দৃষ্টিভঙ্গির সংস্কার সাধন। তিনি বলেন, ‘রাজনীতির উন্নতি ছাড়া জাতীয় সংস্কৃতির সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব হয় না। অদৃশ্য শক্তি অঘোষিত নিঃরাজনীতিকীকরণের যে কার্যক্রম আশির দশক থেকে বাংলাদেশে চলে আসছে, তাতে জনগণের মন এখন রাজনীতি-বিমুখ—এমনকি রাজনীতির প্রতিও বিরূপ। জাতীয় রাজনীতির নবউজ্জীবনের মাধ্যমে কীভাবে প্রগতির পথ ধরে সর্বাঙ্গীণ উন্নতির দিকে এগোনো যাবে, সেটাই জাতীয় জীবনে আমাদের সংস্কৃতিচিন্তার মূল বিষয় হওয়া উচিত।’ তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন সাংস্কৃতিক পতনশীলতা থেকে বংশগত পতনশীলতায় নিপতিত। এ অবস্থায় প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন অপরিহার্য। নতুন সাংস্কৃতিক আন্দোলন দেখা দিলেই বাংলাদেশ সার্বিক উন্নতির পথ পাবে।মূল বক্তব্যে আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘কোনো ব্যক্তির, গোষ্ঠীর, কিংবা জাতির সংস্কৃতিচেতনা যখন স্বাভাবিক বিকাশের পথ পায় না, তখন দেখা দেয় অপসংস্কৃতি। অপসংস্কৃতি সংস্কৃতির বিকারপ্রাপ্ত রূপ। অপসংস্কৃতির প্রকাশ ঘটে অনুচিত, অন্যায়, নিষ্ঠুর, অশ্লীল ও অসুন্দর কার্যকলাপের মধ্য দিয়ে।’বিশেষ অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের সুপার নিউমারারি অধ্যাপক কে এম সা’দউদ্দিন বলেন, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে সমাজ-সংস্কৃতির বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় চলে আসে। অনেক সময় তা ধর্মীয় উগ্রতায় রূপ ধারণ করে। এর ফলে সামাজিক-সাংস্কৃতিক প্রবাহ কিছুটা বিপথগামী হয়। আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক কাজী নূরুল ইসলাম বলেন, সংস্কৃতি হচ্ছে মূল্যবোধ, সুরুচি ও সৌন্দর্যবোধ। সংস্কৃতিবানেরা অন্যায় আর নিষ্ঠুরতাকে ঘৃণা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।