'সন্তানদের ছেড়ে দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে গতকাল বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে গতকাল বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

পোডিয়ামের সামনে দাঁড়ানো শিল্পী মুস্তাফা মনোয়ার। সামনেই বসা বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা। শিল্পী বললেন, ‘বাচ্চারা, তোমাদের যদি বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো—তোমাদের কেমন লাগবে? সবাই সমস্বরে বলে উঠল, ‘অনেক ভালো লাগবে।’ শিল্পী বলে উঠলেন, ‘এই তো ঠিক...তবে একটু সংশোধন আছে, তা হলো—যা খুশি তাই করো। খুশি মানে আনন্দ। জীবনটা হলো আনন্দের।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। সেখানে শিশুদের জীবনে কল্পনাশক্তির গুরুত্বের কথা তুলে ধরেন এই শিল্পী। তিনি বলেন, ‘মা-বাবাদের আমি খুব করে বলছি, ছোটদের যদি সত্যিই মানুষ করতে হয়, তাদের অনেকখানি ছাড় দিতে হবে। ওরা যেন কল্পনা করতে শেখে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “শিশু শিক্ষার সবচেয়ে বড় কথা হলো কল্পনাশক্তির বিস্তার।” কিন্তু কল্পনা করলে আমাদের বাবা-মায়েরা রেগে যান।’

বড় মানুষ হওয়ার জন্য শিশুদের ঘরের মধ্যে বন্দী করা যাবে না। পৃথিবীটা দেখতে ছেড়ে দিতে হবে। তাঁর কথায় উঠে আসে, ‘অকাজের মানুষেরাই পৃথিবীটা এগিয়ে দিয়েছে। সে জন্য একটু সন্তানদের ছেড়ে দিন। একটু দুষ্ট হোক। এই পৃথিবী দেখুক। সব সময় এটা কোরো না, ওটা কোরো না, বলবেন না। এখন অদ্ভুত একটি সমাজ হয়েছে, আমরা ওদের ইচ্ছা করলেই যা খুশি তাই করতে বলতে পারি না। কিন্তু ছোটদের যত দিন না বলতে পারব, তোমার যা ইচ্ছা তাই করো, তত দিন আমাদের দেশে বড় মানুষ হবে না।’

 অনুষ্ঠানে ২৯টি স্কুলের তরুণ আঁকিয়েরা অংশগ্রহণ করে। ‘আমার স্বপ্নের বাংলাদেশ ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে তাঁরা ছবি আঁকে। বক্তৃতা পর্বের পর অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক শিল্পী মনিরুজ্জামান, শিল্পী সামিনা নাফিজ, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলম ও টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জাকির হোসেন খান।