‘সরকারের মতো নারীসমাজ নিশ্চুপ থাকতে পারছে না’
আদালতপাড়ায় বিচারপ্রার্থী তরুণীর ওপর পুলিশের নির্যাতন এবং আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের মতো নারীসমাজ নিশ্চুপ থাকতে পারছে না। সরকারকে অতি দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার ৬৭টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।আদালত চত্বরে বিচারপ্রার্থী তরুণীকে পুলিশের শ্লীলতাহানির ঘটনা, সাংবাদিক-আইনজীবীদের প্রকাশ্যে নির্যাতন ও হয়রানির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে প্রতিবন্ধী ও আদিবাসী নারীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আমরা রাজপথে ইচ্ছা করে আসিনি, সরকার ও প্রশাসন আসতে বাধ্য করছে। সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড, আদালতপাড়ায় তরুণীর শ্লীলতাহানিসহ বিভিন্ন ঘটনায় সরকার যেভাবে নিশ্চুপ, নারীসমাজ সেভাবে নিশ্চুপ থাকতে পারছে না।’সাংবাদিক, আইনজীবী ও তরুণীর সঙ্গে পুলিশ যে আচরণ করছে, তা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের দায়িত্বশীল আচরণ ও মন্তব্য করা উচিত এবং প্রশাসনকে আরও সতর্ক হতে হবে বলে উল্লেখ করেন আয়শা খানম।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে নারী নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সুষ্ঠু তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের তিনি কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা পুলিশদের পক্ষে সাফাই গাওয়ার জন্য যেসব বক্তব্য দিচ্ছেন, তা স্পষ্ট করারও আহ্বান জানান তিনি।কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বলেন, কিছু পুলিশের অমানবিক আচরণ সবাইকে স্তম্ভিত করেছে। সাংবাদিক দিল মনোয়ারা আচরণ সংশোধনের জন্য পুলিশের জন্য কাউন্সেলিং ও প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের সুপারিশ করেন।