সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে আসা আট সদস্যের সৌদি প্রতিনিধিদল এ মামলার তদন্ত করতে আসেনি। তারা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে এসেছে। সৌদি দল গতকাল বুধবার মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘প্রতিনিধিদলে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা আছেন। তাঁরা এ হত্যার তদন্তকাজ কতদূর এবং কীভাবে হচ্ছে, তা জানতে এসেছেন। আমরা তাঁদের বলেছি, তদন্ত আন্তরিকতার সঙ্গে চলছে। ডিবি পুলিশ এ মামলা তদন্ত করছে। তাঁরা এতে সন্তুষ্ট এবং তদন্তকাজের ওপর আস্থাশীল বলে মন্ত্রীকে জানান।’এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে সৌদি দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, প্রতিনিধিদল এসেছে ঘটনা জানতে, তারা তদন্তকারী দল নয়। তদন্ত করবে পুলিশই। আইজিপিও একই ধরনের মন্তব্য করেন। তদন্তের অগ্রগতির সম্পর্কে আইজিপি বলেন, তদন্তের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে।সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বুসাইরির নেতৃত্বে আটজনের ওই প্রতিনিধিদল বিকেল তিনটায় মন্ত্রণালয়ে আসে। তারা মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে। সভায় পুলিশ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিনিধিদল খালাফ আল আলী হত্যার ঘটনাস্থল ও তাঁর বাসা পরিদর্শন করে।গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে সৌদি প্রতিনিধিদল প্রথমে খালাফ হত্যার ঘটনাস্থলে যায়। সেখানে তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে। পরে খালাফের বাসায় যায়। এ সময় থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।প্রতিনিধিদল গত মঙ্গলবার ঢাকায় আসে। গত ৫ মার্চ রাতে সৌদি নাগরিক এবং ঢাকায় সে দেশের দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়।