‘স্কাউট আন্দোলন গতিশীল করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু, কিশোর ও যুব বয়সীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের মাধ্যমে সৎ, চরিত্রবান, আত্মনির্ভরশীল ও কর্মঠ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলছে স্কাউট আন্দোলন। আর এটি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও গতিশীল করতে প্রয়োজন গণমাধ্যমের সহযোগিতা।গতকাল শনিবার স্কাউটসের জাতীয় সদর দপ্তরে আয়োজিত ‘স্কাউটিং উন্নয়নে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। স্কাউটের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ বলেন, স্কাউটিং হচ্ছে চরিত্র গঠনের আন্দোলন। এর মাধ্যমে একজন ব্যক্তিকেও খারাপ কাজ থেকে বিরত রাখা সম্ভব হলে স্কাউট জীবন সার্থক। তরুণ তরুণীদের মধ্যে এ বোধ ছড়িয়ে দিতে হবে। আর এটি একমাত্র গণমাধ্যমের দ্বারাই সম্ভব।স্কাউটের সহসভাপতি হাবিবুল আউয়াল বলেন, বিবেক জাগ্রত করার যে প্রচেষ্টা স্কাউটদের মধ্যে আছে, গণমাধ্যম যদি তা তুলে ধরে উৎসাহিত করে, তা হলে দেশ ও জাতি উপকৃত হবে।অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন স্কাউটের জাতীয় কমিশনার মো. সায়েদুর রহমান। তিনি স্কাউট আন্দোলনের মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়ার আহ্বান জানান। সভায় সাংবাদিকেরা এ বিষয়ে তাঁদের বিভিন্ন করণীয় বিষয়ের কথা তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, স্কাউটের আন্তর্জাতিক কমিশনার মোজাম্মেল হক খান এবং বিভিন্ন গণমাধ্যম থেকে আসা সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।