‘স্বাধীনতাবিরোধীরা যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করছে’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, সাম্রাজ্যবাদের তোষামোদকারীদের দিয়ে যুদ্ধাপরাধের বিচার করা যাবে না। তিনি অভিযোগ করেন, যারা স্বাধীনতাবিরোধী ছিল, তারা এখন আবার যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।গতকাল রোববার সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবসে দলীয় কার্যালয়ের সামনে লাল পতাকা মিছিল-সমাবেশে মনজুরুল আহসান এসব কথা বলেন।সিপিবির সভাপতি বলেন, মার্কিনরা এ দেশের স্বাধীনতাসংগ্রামের বিরোধিতা করেছে। এ দেশে গণহত্যা, অগ্নি-সংযোগ, লুটপাট ও ধর্ষণে মদদ দিয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির।নানা কর্মসূচি: বাম রাজনৈতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস পালন করেছে।দিনটি উপলক্ষে জাসদ, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চা, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), প্রগতিশীল ছাত্র জোট, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, উদীচী, ক্ষেতমজুর সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা সকালে স্বাধীনতাবিরোধী স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে। দুপুরে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।