‘স্বাধীনতার চার দশক পরও প্রাসঙ্গিক মণি সিংহের আদর্শ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার চার দশক পরও বাংলাদেশে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য এতটুকুও কমেনি। নিপীড়ন-বঞ্চনার শিকার হচ্ছে অসংখ্য মানুষ। এমন এক প্রেক্ষাপটে কমরেড মণি সিংহের জীবনাদর্শ এখনো প্রাসঙ্গিক। গতকাল শনিবার জননেতা কমরেড মণি সিংহের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ মন্তব্য করেছেন। মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট নগরের তাজুল মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে।গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘স্বাধীনতার আগে আমরা পাকিস্তানের দুই অংশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য নিয়ে আন্দোলন করেছি। এখন স্বাধীন বাংলাদেশেও দুই অর্থনীতি। এখনো আমরা শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি, তখনো করতাম। সব সময় দেশকে প্রগতিশীল বাম ধারার রাজনীতি থেকে দক্ষিণপন্থী রাজনীতিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সে কারণে কমরেড মণি সিংহ এখনো প্রাসঙ্গিক।মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য অজয় রায় বলেন, টংক আন্দোলন থেকে শুরু করে ষাটের দশকে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে নানা আন্দালন-সংগ্রামে কমরেড মণি সিংহের অবস্থান, তাঁর অবদান সম্পর্কে জানতে একটি কমিশন গঠন করা জরুরি।ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ আমেনা আহমেদ দরিদ্র মানুষের উন্নতিতে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের ধারা অব্যাহত রাখতে কমরেড মণি সিংহসহ সব বিপ্লবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সভাপতি আজিজুল ইসলাম খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। স্মরণসভায় সভাপতিত্ব করেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি ফওজিয়া মোসলেম।