‘স্বামী বেঁচে আছে, না মরে গেছে, অন্তত এটুকু জানান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুখে টেপ লাগিয়ে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে আমার স্বামীকে নিয়ে যায় প্রশাসনের লোক পরিচয় দেওয়া সাদা পোশাকধারীরা। সাত মাস ধরে খোঁজ নেই। আপনারা অন্তত এটুকু জানান, আমার স্বামী বেঁচে আছে, না মরে গেছে।’গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কে এম শামীম আকতারের স্ত্রী ঝর্ণা খানম।গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ চলমান অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণতান্ত্রিক বাম মোর্চা এই সংহতি সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, ‘শামীমের স্ত্রীর কান্নাই বলে দেয়, আমরা দম বন্ধ হওয়া এক সমাজে বসবাস করছি। শুধু শামীম নন, বিএনপির নেতা ইলিয়াস আলীসহ অনেক মানুষ গুম হয়েছে। চলছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এই রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ বলেন, ‘খুন-গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে সক্রিয় থাকে, তারপর আবোল-তাবোল কথা বলে এবং সর্বশেষ নিষ্ক্রিয় হয়ে যায়। রাষ্ট্রীয় সিদ্ধান্তেই এমনটি হয়। এই রাষ্ট্রীয় সিদ্ধান্তেই সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি।’ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির বলেন, ‘গুম, খুন একটি রাজনৈতিক প্রপঞ্চ। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, ‘একটা গুমেরও কিনারা হচ্ছে না। তাই বলছি, হয় সরকার গুম করছে, না হয় সরকারের ভেতরে এমন কেউ করছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই।’এ ছাড়া সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু ও অরূপ রাহী, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, বুদ্ধিজীবী, প্রকৌশলীসহ পেশাজীবী সমাজের অনেকেই সমাবেশে সংহতি প্রকাশ করেন। উপস্থিত কর্মীদের হাতে ছিল গুম, হত্যাসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদসংবলিত প্ল্যাকার্ড।