'স্মাইলিং' স্কুলে হাসি নেই

বিদ্যালয়টির নাম স্মাইলিং চিলড্রেনস স্পেশাল স্কুল। এটি সাধারণ বিদ্যালয় নয়, অটিস্টিক শিশুদের যত্নের জন্য পরিচালিত একটি বিদ্যালয়। কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক কারও মুখে এখন হাসি নেই। সবার মুখ মলিন। কারণ, শিক্ষকদের সঙ্গে কর্তৃপক্ষের কিছু সমস্যা নিয়ে বিদ্যালয়টি এখন বন্ধ।
কর্তৃপক্ষ অবশ্য চৈত্র মাসের এই বন্ধকে গ্রীষ্মকালীন ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে। অভিভাবকেরা বলছেন, অনেক টাকা খরচ করে তাঁরা এখানে তাঁদের সন্তানদের পড়াচ্ছেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের টালবাহানায় এখন তাঁরা তাঁদের সন্তানদের নিয়ে সমস্যায় পড়েছেন।
বিদ্যালয়টির অবস্থান রাজধানীর আফতাব নগরের জহিরুল ইসলাম সিটির ই ব্লকে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ। ফটকও বন্ধ। তবে বিদ্যালয়ের সামনে ও পাশে একদল অভিভাবক অবস্থান করছেন। কারও কারও সঙ্গে তাঁদের সন্তানও ছিল। বিদ্যালয়টি খুলে দেওয়ার দাবি জানাতে তাঁরা এখানে জড়ো হয়েছেন। ২০১০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এখন শতাধিক অটিস্টিক শিক্ষার্থী।
রায়না পারভীন নামের এক মা প্রথম আলোকে বলেন, তাঁর সন্তান বিদ্যালয়ে একভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখন বিদ্যালয়টি বন্ধ থাকায় বাসায় সে সমস্যা করছে।
বিদ্যালয়টি বন্ধ থাকায় কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা আকতার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষকদের সঙ্গে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। এ জন্য কয়েক দিন বন্ধ রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করছেন।
কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকদের একটি অংশ বেতন বাড়ানোর দাবি করেন ও কয়েকজন শিক্ষকের আচরণ নিয়ে আপত্তি জানান। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ওই সব শিক্ষকের সমস্যা চলছে। এ কারণে ওই সব শিক্ষক গত ২৮ মার্চ থেকে ধর্মঘটের মতো অবস্থানে যান। ফলে বিদ্যালয়টি ওই দিন থেকেই একপ্রকার বন্ধ হয়ে আছে। এর মধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিক নোটিশ দিয়ে জানায়, গতকাল (১ এপ্রিল) থেকে ৫ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি হিসেবে বিদ্যালয়টি বন্ধ থাকবে। চৈত্রের এই সময়ে গ্রীষ্মকালীন ছুটি নিয়ে অভিভাবকেরা আপত্তি করলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কর্ণপাত করেনি।
একজন অভিভাবক বলেন, কোর্স অনুযায়ী বিভিন্ন খরচে এখানে পড়তে হয়। যেমন মর্নিং শাখার জন্য শুধু মাসে ফি দিতে হয় ১০ হাজার ৫০০ টাকা। আবার থেরাপি অনুযায়ী ফি আলাদা। পূর্ণাঙ্গ কোর্সের জন্য টাকা আরও বেশি দিতে হয়।
শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণ ভালো না হওয়াসহ আরও কিছু অভিযোগ করেন একাধিক অভিভাবক।
এক সন্তানের বাবা রাগীব আহসান প্রথম আলোকে বলেন, গত বছরও একবার সমস্যার কারণে বিদ্যালয়টি বন্ধ ছিল। তাঁরা চান বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে দ্রুত বিদ্যালয়টি খুলে দেওয়া এবং মায়েদের বিভিন্ন যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।