‘হরতাল হইলে গরিবের প্যাটের ভাত বন্ধ হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মগেটে একটি ফাস্টফুডের দোকানে চাকরি করেন আয়শা আখতার। থাকেন শান্তিনগরে। দোকানটিতে কর্মঘণ্টার ভিত্তিতে বেতন পান তাঁরা। মেশিনে কার্ড ঢুকিয়ে কর্মীদের দোকানে ঢোকা ও বের হওয়া নিয়ন্ত্রিত হয়। নির্দিষ্ট সময়ের পরে এলে বেতন কাটা যায়। গত পরশু কোনো বাস পাচ্ছিলেন না আয়েশা। স্বল্প বেতনের ওপর যাতে কাটছাঁটের কাঁচি না পড়ে, সে জন্যই শেষতক সিএনজি অটোরিকশায় চেপে এসেছিলেন দোকানে। ব্যয় হয়েছে ১৫০ টাকা। গতকাল আর সিএনজিতে আসেননি। বাসে আসতে দেরি হয়ে গেছে। ফলে কাটা গেছে বেতন। বলছিলেন, ‘পর পর দুই দিন আমার ক্ষতি হয়ে গেল। হরতালে এমন প্রায়ই হয়। আমার মতো এত সাধারণ মানুষের ক্ষতি কেউ নজরে নেয় না।’হরতালে স্বল্প আয়ের মানুষের এমন ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানিক ক্ষতিও কম হয় না। বাংলামোটরের একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার সাবিনা ইয়াসমিন। প্রতিষ্ঠানটি অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজও করে। সাবিনা থাকেন বনানীতে। দুই দিন অফিসে আসেননি ভয়ে। জানালেন, হরতালের কারণে কয়েকটি অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজ স্থগিত হয়ে গেছে। অফিসের কর্মীরা কেউ না আসতে চাইলে কিছু বলা যায় না। বললেন, ‘পুরো ব্যবসায় ধস নেমেছে। আমরা নীরব দর্শক হয়ে এসব দেখা ছাড়া আসলে কিছু করতে পারি না। সব দিকে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে।’টানা তিন দিনের হরতালে কর্মজীবী নারীদের ভোগান্তি চরমে উঠেছে। লালমাটিয়ার একটি বেসরকারি সংগঠনের কর্মকর্তা সানজিদা খান বলছিলেন, রাস্তায় বের হই ভয়ে ভয়ে। রিকশা না পেলে হেঁটে যেতে হয় অফিসে। হরতালে স্কুল বন্ধ থাকায় দুই ছেলে ঘরে কী করছে, সেই চিন্তায় থাকি সব সময়। দিনের পর দিন হরতালে শিশুদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয় চরমভাবে। আবার ছুটির দিনে ক্লাস হওয়ায় বিনোদন ও সামাজিক অনুষ্ঠানগুলো থেকেও বঞ্চিত হচ্ছে শিশুরা।গরিব মানুষ হরতাল সমর্থন করে না, এমটাই মনে করেন রিকশাচালক হারুন। কারণ হিসেবে বলছিলেন, ‘হরতাল হইলে গরিবের প্যাটের ভাত বন্ধ হয়।’ তিনি থাকেন কড়াইল বস্তিতে। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে সংসার। হরতাল না হলে প্রতিদিন আয় হয় প্রায় ৬০০ টাকা। দিনের খরচ আর রিকশার ভাড়া দিয়েও শ দুয়েক টাকা থাকে। কিন্তু গেল তিন দিনের হরতালে ৩০০ টাকার বেশি আয় হয়নি। অথচ মালিকের টাকা দিতেই হয়েছে। ক্ষুধা হরতাল মানে না। তাই সামান্য সঞ্চয় ভেঙে দিন চলেছে।চাকা না চললে যেহেতু টাকা পাওয়া যায় না, সেহেতু দূরপাল্লার বাসের কর্মীদের কাছে হরতাল মানে বেকার থাকা। গাঁটের পয়সা খরচ করে ক্ষুধা নিবারণ। ঢাকা-জামালপুর চলাচলকারী একটি বাসের কর্মী ফিরোজ মিয়া বলছিলেন, ‘মালিক একটা ট্যাকাও দেয় না গাড়ি না চললে। অনেকেই চলে ধার কইরা। কেউ একবেলা উপাস দেয়। হরতাল ডাকুইন্নারা কেউ কি না খাইয়া থাকে?’ হরতাল আহ্বানকারীদের প্রতি এমন ক্ষোভ কচুক্ষেতের ছোট ব্যবসায়ী মোশাররফ হোসেনেরও, ‘ভালোই করতেছে দলগুলা। নিজের পয়সা খরচ কইর‌্যা তো রাজনীতি করতে হয় না। তাই যহন ইচ্ছা হয় হরতাল দেয়। নিজের পয়সায় রাজনীতি করতে হইলে পিঠের চামড়া উইঠ্যা যাইত।’