‘হরতালে তো কারও লাভ দেখিনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের একটি পোশাকশিল্প কারখানার শ্রমিক মোরশেদা বেগম। গতকাল মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে মধুবাগের কাছে কথা হলো তাঁর সঙ্গে। মোরশেদা জানালেন বাসা কাছেই হওয়ায় হরতালে কারখানায় আসা-যাওয়ায় তেমন অসুবিধা হয় না। কিন্তু বাসচালক স্বামীকে গাড়ি চালাতে যেতে হয় বলে সারাক্ষণ উদ্বেগে থাকেন। ‘বাচ্চাটা রাখে আসি। খুব ভয় হয়। মনে শান্তি পাইনে।’ হরতাল এলেই এ রকম উৎকণ্ঠা পীড়িত করে মোরশেদাকে। কিন্তু তাঁর ঘরে বসে থাকার উপায় নেই। জানালেন, কাজে দেরি হলে হাজিরা বোনাস কাটা পড়ার আশঙ্কায় জোরে পা চালাতে হয়। তা ছাড়া হরতালে জিনিসের দাম বাড়ে। টানাটানির সংসারে চাপ আরও বাড়ে। মোরশেদার কথা, ‘হরতাল হলি কার লাভ হয়! আমি তো কারও লাভ দেখিনে।’ বেগুনবাড়ী এলাকার রিকশাচালক মো. হাফিজুল ইসলাম প্রতিদিনের মতো গতকালও উঠেছিলেন ফজরের আজানের সময়। প্রতিদিন ভোর থেকে সকাল নয়টার মধ্যে সাধারণত তাঁর দুই শ থেকে আড়াই শ টাকা আয় হয়। কিন্তু হরতালের দিন গতকাল সকাল পর্যন্ত মাত্র ৮০ টাকা আয় করেছেন। বেগুনবাড়ী মোড়ে একটি ছোট খাবারের দোকানে তাঁর সঙ্গে কথা হয়। হাফিজুল বললেন, অন্য দিন রিকশার জমা, অন্যান্য খরচ বাদ দিয়ে শ পাঁচেক টাকা থাকে। হরতালের দিন তা তিন শর বেশি হয় না। তাঁর সঙ্গে সায় দিলেন দোকানে থাকা আরও কয়েকজন শ্রমজীবী মানুষ। ‘কোনো ব্যাডা আমাগের কথা ভাবে না। মানুষের ভালোর জন্যি হলি অ্যাতো হরতাল ড্যাকতো না,’ খেদের সঙ্গে বললেন হাফিজুল। রাজনীতির ওপরই বিতৃষ্ণা প্রকাশ করলেন ভ্যানচালক মো. দেলোয়ার। তাঁর কথা, ‘রাজনীতি মানে হইলো দুর্নীতি। সরলের কোনো রাজনীতি নাই ভাই।’ নাবিস্কো মোড়ের কাছে মো. লিটন শেখের ছোট চায়ের দোকান। হরতালের দিন মানুষের চলাফেরা কমে যাওয়ায় তাঁর খদ্দেরও ছিল কম। লিটন শেখ হরতালে তাঁর সমস্যা তুলে ধরলেন এভাবে—‘যারা বড়লোক ১৫ দিন হরতাল দিলেও তাগো কিছু যায়-আসে না। এক দিনের হরতালেই গরিবের কাম সারা।’ ফরিদপুরের নগরকান্দার আবদুর রহিম ঢাকায় এসেছেন দুই মাস আগে। একটি কুরিয়ার সার্ভিসের ডাক বিলি করেন তিনি। এখনো রাজধানীর রাস্তাঘাট ঠিক চিনে উঠতে পারেননি। রহিম বললেন, ‘হরতালের দিন রাস্তা ফাঁকা থাকলেও ভয়টা বেশি। কখন মিছিল আসে, গাড়ি ভাইঙ্গে দ্যায় এই ভয়ে থায়ি। রাস্তায় পুলিশ বা মানুষের ভিড় দেখলেই অন্য রাস্তা ধরি। এভাবে চলতে গিয়ে পথ হারায় ফেলি মাঝেমধ্যে। কী করব, জান বাঁচান দিয়ে কথা।’ হরতালের দিনে অলস আড্ডা দেওয়া ছাড়া দূরপাল্লার বাসের কর্মীদের আর কোনো কাজ থাকে না। এদিন তাঁদের ক্ষতিটা হয় দুইভাবে। ভৈরব-ঢাকা রুটের একটি বাসের হেলপার জালাল উদ্দিন বললেন, স্বাভাবিক দিনে তাঁর প্রায় পাঁচ শ টাকা আয় হয়। খাবার মালিক দেন। হরতালের দিনে ওই আয়টা তো হয়ই না, খাবারের খরচটাও যায় নিজের পকেট থেকে।ঢাকা-নান্দাইল রুটের বাসকর্মী আমিনুল ইসলাম চান হরতাল একেবারে বন্ধ হোক। তাঁর কথা, ‘ক্ষমতায় আউইন্যা দল হরতালের বিরোধিতা করে। আর বিরোধী থ্যাকলে পক্ষে যায়। আমরা চাই যেই ক্ষমতায় থাকুক, হগ্গলে মিল্যা তওবা কইর‌্যা হরতাল বন্ধ কইর‌্যা দেইক।’