‘হরতালে মা মইরা গেল রে’
‘হরতালে আমার মা মইরা গেল রে’ বলে আহাজারি করছেন শশী আক্তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফটকের সামনে বসে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় অসুস্থ মাকে নিয়ে আসেন হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। মা চলে গেছেন সব চিকিৎসার ঊর্ধ্বে।মা হারানোর কি কোনো সান্ত্বনা হয়? তবু কান্নায় ভেঙে পড়া শশী আক্তারের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তাঁর ভাবি রোকসানা। তিনি জানান, শশীর মা জাহানারা বেগম বেশ কিছুদিন থেকেই রোগে ভুগছিলেন। তবে গত সোমবার থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা ভাবা হচ্ছিল। কিন্তু হরতালের কারণে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। নারায়ণগঞ্জেই চিকিৎসা চলছিল। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে অনেক চেষ্টা করে একটি অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে তাঁকে ভর্তিও করা হয়েছিল। তবে ভর্তি করার কিছুক্ষণ পরে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে জাহানারা বেগম না ফেরার দেশে চলে যান। শশী তাঁর দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড়। কোনো কথা বলার মতো অবস্থা ছিল না তাঁর। মা হারানোর বেদনায় তাঁর কান্নায় বিষাদময় হয়ে ওঠে সেখানকার পরিবেশ। তাঁরা মায়ের লাশ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। কিন্তু হরতালের কারণে অ্যামবুলেন্সও পাওয়া যাচ্ছিল না। গত সোমবার থেকে শুরু হয়েছে হরতাল। সেদিন হেফাজতে ইসলামের ডাকা হরতাল ছিল। গতকাল থেকে শুরু হয়েছে ১৮-দলীয় জোটের দুই দিনের হরতাল। টানা হরতালে রোগীদের দুর্ভোগের শেষ নেই। অসুস্থ মানুষের অবর্ণনীয় দুর্দশা দেখা গেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে। ছেলে রহিম মিয়াকে রিকশায় তুলছিলেন তাঁর মা খাদিজা বেওয়া। রহিম কোমরে আঘাত পেয়েছে। অনেক দিন হাসপাতালে ভর্তি। তাদের বাড়ি রাজবাড়ীতে। খাদিজা বলছিলেন, ‘কালকে রিলিজ দিছে ডাক্তার। হরতালের লাগি যাইতে পারতাছি না, আর থাকতেও পারতেছি না। এখন সায়েদাবাদ যাচ্ছি। দেখি কুনো বাস পাই কি না।’ ‘শুধু রোগী নয় রোগীর স্বজনেরাও আছেন বিপদে’ বললেন ভাগ্নি নুসরাত জাহানকে কোলে করে বিএসএমএমইউর প্রবেশপথে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত মামা নাজিম উদ্দিন। মাথায় আঘাত পেয়েছিল নুসরাত জাহান। তিনি আরও বলেন, ‘রাস্তায় বের হলেই তো আগুন, ভাঙচুর। খিলগাঁও থেকে হাসপাতালে এলাম খুব ভয়ে ভয়ে। বাসায় না ফেরা পর্যন্ত স্বস্তি নেই।’ রক্তশূণ্যতায় ভোগা স্ত্রীকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন টাঙ্গাইলের কৃষক মোবারক হোসেন। সঙ্গে দুই মেয়ে। তিনি বলেন, ‘নয় দিন আগে ভর্ির্ত করছি বউকে। ডাক্তার গতকাল ছাইড়া দিছে। তয় বাড়ি তো বহুত দূরে। গাড়ি নাই যাইতে পারতাছি না।’