বখাটেদের হামলার পর নিবাসীদের হোস্টেলের তত্ত্বাবধায়ক
'হামলা তো হবে, তোমরা শার্ট-প্যান্ট পর কেন?'
বখাটেদের উৎপাতের কারণে আতঙ্কে আছেন রাজধানীর মোহাম্মদপুরের মোহনা ভিআইপি ছাত্রী হোস্টেলের বাসিন্দারা। এঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী। গত সোমবার রাতে এই হোস্টেলে বখাটেরা হামলা করে। ভুক্তভোগীদের দাবি, জানলেও থানার পুলিশ এতে গা করে না।
অবশ্য বখাটেদের এ হামলার বৈধতা দিচ্ছেন ওই হোস্টেলের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক রাবেয়া সুলতানা। হামলার ঘটনা সম্পর্কে জানতে গতকাল মঙ্গলবার দুপুরে ওই হোস্টেলে গেলে তিনি এই প্রতিবেদকের সামনেই এক ছাত্রীকে বলেন, ‘হামলা তো হবে, তোমরা শার্ট-প্যান্ট পর কেন?’
রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড এলাকায় সাতটি বাড়ি নিয়ে ওই হোস্টেল। তার একটিতে সোমবার রাত ১১টার দিকে স্থানীয় কয়েকজন বখাটে হামলা চালায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বখাটেরা প্রথমে মোটরসাইকেল নিয়ে হোস্টেলের সামনে অবস্থান নেয়। উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজাতে থাকে। একপর্যায়ে হোস্টেলের প্রধান ফটকের ভেতরে পটকা ছুড়ে মারে। সেগুলো বিস্ফোরিত হতে শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুড়ে মারা হয় কাচের বোতলও। মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া হবে বলে বখাটেরা চিৎকার করে গালিগালাজ করতে থকে। প্রধান ফটকে লাথিও মারে তারা। কেউ কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করে। পরে খবর পেয়ে পুলিশ আসে। তবে টের পেয়ে তার আগেই বখাটেরা সটকে পড়ে।
এ হামলা কেন হলো জানতে মোহাম্মদপুর থানায় গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মতিনের কক্ষে গেলে তিনিও একই কথা বলেন। তবে তাঁর কক্ষে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ওই হোস্টেলের সামনে বখাটেরা আড্ডা দিত। এতে বাধা দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে।’ এ সময় ওসি (তদন্ত) আবদুল মতিন তাঁকে জিজ্ঞেস করেন, থানায় কেউ এসেছিল কি না। বিশেষ শাখার ওই কর্মকর্তা বলেন, এক নারী এসেছিলেন। ওসি আবার বলেন, ‘তিনি কি অভিযোগ করেছেন?’ এসবির কর্মকর্তা না সূচক উত্তর দেন। তখন ওসি (তদন্ত) প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ না করলে আমরা কীভাবে জানব। আমরা একটা অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যস্ত আছি।’
থানা থেকে ওই হোস্টেলে গেলে তত্ত্বাবধায়ক রাবেয়া প্রথমে বলেন, ‘কোনো হামলার ঘটনা ঘটেনি। কোনো উৎসব উপলক্ষে বাচ্চারা এমনিই আতশবাজি ফোটায়।’ সোমবার কোনো উৎসব ছিল কি না—এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এমনিতেও ফোটায়।’
পরে কয়েকজন ছাত্রী এই প্রতিবেদককে সোমবারের ঘটনার বর্ণনা দেন। এ সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন তত্ত্বাবধায়ক রাবেয়া। তিনি এক ছাত্রীকে বলেন, ‘তোমাদের চলাফেরায়ও সমস্যা আছে। হামলা তো হবে। তোমরা শার্ট-প্যান্ট পর কেন?’ পরে তত্ত্বাবধায়ক প্রথম আলোকে বলেন, ‘আমাদের মালিক অনেক পাওয়ারফুল। কারা করেছে, তিনি তাদের খুঁজতেছেন।’
জানা গেল, মালিকের নাম মুস্তাফিজুর রহমান। তিনি নিবেদিকা হোস্টেলেরও মালিক। তত্ত্বাবধায়ক এই প্রতিবেদককে মালিকের একটি মুঠোফোন নম্বরও দেন। তবে তা বন্ধ পাওয়া যায়।