
তেজগাঁওয়ের স্টেশন রোড ও তেজকুনিপাড়া-পশ্চিম নাখালপাড়া সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলে সড়ক দুটির বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। এতে এলাকার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গতকাল সোমবার দেখা যায়, তেজগাঁও রেলগেটের পাশে স্টেশন রোডে খানাখন্দে বৃষ্টির পানি জমে আছে। সরকারি বিজ্ঞান কলেজের পেছনে সড়কে ছোট-বড় গর্ত।
গত দুই বছরে এই সড়কের কোনো সংস্কারকাজ হতে দেখেননি বলে অভিযোগ করেছেন এলাকার অনেকে।
এই সড়কের সালাম স্টোরের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘ওয়াসার পানির পাইপ টানা হয়েছে, এক বছর হয়ে গেছে। এরপর আর পাকা করা হয়নি। সেই কাটা রাস্তায় পানি জমে গর্ত হয়ে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন দোকানি বললেন, গত আট বছরে তিনি এই রাস্তায় কাজ হতে দেখেননি।

আরেক দোকানি খলিল মিয়া বলেন, ‘বৃষ্টি হলে দোকানে পানি ঢুকে যায়। পানি থেকে দোকান বাঁচাতে দোকানের সামনে উঁচু করে বাঁধিয়ে নিয়েছি।’
স্টেশন রোডের ফার্মভিউ অ্যাপার্টমেন্টের তত্ত্বাবধানকারী সুধীর টুডু বলেন, ‘দুই বছরের মধ্যে এই সড়কের কাজ হতে দেখিনি। এই অবস্থায় মানুষজন চলাচল করতে বাধ্য হচ্ছে।’
এই এলাকায় ভাড়া থাকেন আবদুল মান্নান। তিনি বলেন, ‘এই এলাকায় অনেকগুলো স্কুল ও কলেজ আছে। অনেক মানুষ এই পথও ব্যবহার করেন। রাস্তার অবস্থা এত খারাপ যে হেঁটে যেতেও মানুষের কষ্ট হয়। বৃষ্টি এলে কষ্ট আরও বেড়ে যায়।’
স্টেশন রোডের বাসিন্দা জুলিয়ানা শিকদার বলেন, ‘এই এলাকায় ডিমের আড়ত, কলার আড়ত ও কাঁচাবাজার আছে। সারা দিন তো গাড়ি চলেই, রাতে পিকআপ ও মালবাহী ট্রাকও চলে। এ কারণে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। বেশি গর্ত হলে সড়কে কিছু ভাঙা ইট ফেলা হয়। কিছুদিন পর রাস্তা আগের অবস্থায় ফিরে যায়।’
গতকাল স্টেশন রোডে কথা হয় সিটি কলেজের শিক্ষার্থী উম্মে হানি ও জান্নাতুল ফেরদৌসের সঙ্গে। তাঁরা বলেন, রাস্তার গর্তে ময়লা পানি জমে থাকে। সড়ক দিয়ে চলার সময় তাঁদের পোশাকে কাদা লেগে যায়। তাঁরা বলেন, পানি জমলে সড়কে ইট দেওয়া হয়। সেই ইটের ওপর পা দিয়ে চলার সময় অনেকে পড়ে যান।
স্টেশন রোড ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান বলেন, ‘এই এলাকার সড়কের কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সেটি বাতিল করে নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ করে রাস্তার কাজ শেষ করতে নভেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে।’ তিনি আরও বলেন, সিটি করপোরেশনের দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রতার কারণে এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে হলিক্রস স্কুলের সামনে দিয়ে নাখালপাড়া যাওয়ার রাস্তায় এখানে-সেখানে পানি জমে থাকতে দেখা যায়। এ সড়কেও কিছুদূর পরপর গর্ত। কাদা পানিভর্তি গর্তের ওপর দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনি খেতে হয় রিকশা ও ব্যাটারিচালিত রিকশার যাত্রীদের।
গতকাল দেখা যায়, উড়ালসড়কের নিচে এই রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙা। বৃষ্টির পানি ও কাদায় একাকার সড়ক।
নাখালপাড়ার বাসিন্দা আনোয়ার হোসাইন বলেন, ‘রাস্তা এত ভাঙা যে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে স্পিড ব্রেকারের দরকার নেই।’
এদিকে লুকাস মোড় থেকে শাহীনবাগ যাওয়ার কয়েকটি সড়ক বেহাল। এখানকার ৬, ৭, ৮ ও ১২ নম্বর গলিতে অনেক খানাখন্দ। ওই খানাখন্দে জমে থাকে বৃষ্টির পানি। এতে এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়।
নাখালপাড়া এলাকা ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ডের অধীনে। বেহাল সড়কের ব্যাপারে বক্তব্য জানতে ওয়ার্ডের কাউন্সিলর শেখ মজিবর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।