হরতালের দিন সকালে রাজধানী ঢাকার পথের পরিচিত দৃশ্য যা, তার প্রায় সবকিছু গতকালও ছিল উপস্থিত। রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে অফিসগামী লোকজনের ভাড়া নিয়ে বচসা, কোনো বাস পেলে সেখানে ঠ্যাসাঠেসি করে ওঠার চেষ্টা, ব্যর্থ হলে অভিসম্পাতবর্ষণ—সবই দেখা গেল। দুদিন আগের হরতালের তুলনায় গতকাল গণপরিবহন চলেছে কিছু বেশি। কিন্তু সাধারণের ভোগান্তি ও উৎকণ্ঠার কোনো কমতি ছিল না।ফেরি করে ঢাকা শহরে মুরগি বিক্রি করেন আলতাফ হোসেন (৫০)। থাকেন মানিকগঞ্জের সিঙ্গাইরের জুটনগর গ্রামে। রাজধানীর কারওয়ান বাজার থেকে ছয়-সাতজন মিলে শ তিনেক মুরগি কিনে ভাগ করে নেন। প্রতিদিন চার থেকে পাঁচ শ টাকা লাভ থাকে। কিন্তু কাল দিনটি ছিল খারাপ। দুদিন আগে হরতাল গেছে, তাই মুরগির সরবরাহ কম, দামও বেশ চড়া। সে জন্য মুরগি না কিনে বাসে করে ফিরে যাচ্ছিলেন গ্রামে। আলাপ প্রসঙ্গে বলছিলেন, ‘এমন কইর্যা আর কত দিন চলব। হরতালে তো সবারই ক্ষতি। পাটিগুলা এগুলা বুঝে না?’ আলতাফের মনে হয়, কোনো দলই গরিবদের নিয়ে ভাবে না। রাজধানীর মালিবাগের বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন ভুইয়া। নিজের ব্যবহারের গাড়ি থাকলেও গতকাল বাসে চড়ে অফিসে যাচ্ছিলেন। এভাবে যাতায়াত করতে প্রচণ্ড ভয়ের মধ্যে থাকেন। বলছিলেন, ‘বাসা থেকে বের হওয়ার সময় দোয়া-দরুদ পড়ে বের হয়েছি। জানি না, ভালোভাবে বাসায় ফিরতে পারব কি না। সব সময় আতঙ্কে থাকি। শুধু নিজের জন্য না, পরিবারের সবাইকে নিয়েই ভাবনা।’ গিয়াসউদ্দিনের অভিমত, দুই দলই চরম অবস্থায় চলে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিরোধী দল বেপরোয়া। আর এদের ঠেকাতে সরকারও এখন কঠোর হয়েছে। কী যে হবে, আল্লাহই জানেন। হরতালের দিন চলাফেরায় বড় বিপদ বলে মনে করেন গাবতলীর টেকনিক্যাল মোড়ের মুদি দোকানি মো. দুলাল। তিনি বলছিলেন, ‘ইচ্ছা হইলেই পুলিশ ধইর্যা নিয়া যায়গা। গিয়া কয়, এরা সিস্টেমের লোক। একবার ধরলে কয়েক শ খইস্যা যায়।’মিরপুরের পাইকপাড়ার বাসিন্দা মো. কামাল বাস চালান, এটির মালিকও তিনি। কিন্তু গতকাল হরতাল চলাকালে বন্ধ রেখেছিলেন বাসটি। কেন গাড়ি রাস্তায় নামাননি—এমন প্রশ্নের উত্তরে বলছিলেন, ‘কন কী, একবার বাটে পড়লে ৩০ হাজার টাকা নাইম্যা যাইব। ভাঙলে এই খরচ, পুড়াইলে এক্কেবারে দেড় লাখ। পুড়ার পর ঝামেলা আরও বাড়ে। পুলিশ থানায় গাড়ি নিয়া যায়। সেয়ানে গিয়া নাম চয়েস করতে কয় মামলা দেয়ার লাইগ্যা। যাগো ফাঁসানো দরকার, হেগো নাম ধরাইয়্যা দেয়। মামলা না দিতে চাইলে মাইর। পোড়ার পর রেকারের ভাড়াও আদায় কইর্যা নেয়।’হরতালে রাজধানীর সব রাস্তায় রিকশার অবাধ চলাচল। তবে রাস্তায় মানুষজনের চলাচল কম থাকায় রিকশাচালক বেলায়েত হোসেন দুপুর পর্যন্ত যা আয় করেছেন, অন্যদিনে তাঁর দ্বিগুণ আয় করেন। বেলায়েত মনে করেন, তিনি শুধু নন, কোনো রিকশাচালকই হরতালে খুশি হয় না। এভাবে দিনের পর দিন হরতাল চললে দেশের খুব ক্ষতি হবে বলেই তাঁর ধারণা। রাজনীতি, রাজনৈতিক দলগুলোর প্রতি চরম ক্ষোভ বেলায়েতের। তিনি বলছিলেন, ‘আমাগো মতো আম-পাবলিকের চিন্তা হেরা করে না। হেরা হিসাব করে হেগোর তা, দ্যাশের কথা ভাবে না কেউ। কিন্তু আমরাই কইলাম ভোট দিয়া হেগো ক্ষমতায় আনছি। দ্যাশ সুন্দরমতো চলুক আমরা চাই। হরতাল মানে হইলো হয়রানি। হরতাল হইলে সব্বার জন্যই কষ্ট।’