'হ্যালো, ১৬১৬২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাস্তায় ম্যানহোলের ঢাকনা নেই—দেখামাত্র ঢাকা ওয়াসার একটি হট নম্বরে মুঠোফোন থেকে কল করলে, সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে কর্মীরা এসে ম্যানহোল বসিয়ে দেবেন। নম্বর ১৬১৬২। শুধু ম্যানহোল নয়, জরুরি ভিত্তিতে পানির লরি আনা, পানির লাইনের ছিদ্র মেরামত, নর্দমা কিংবা পয়োনিষ্কাশন লাইন উপচে ছড়িয়ে পড়া বর্জ্য নিষ্কাশন ইত্যাদি নানান সেবা পাওয়া যাচ্ছে ওই নম্বরে ফোনকল করে।
ঢাকা ওয়াসার যেকোনো তথ্য ও সেবা গ্রাহকের কাছে এভাবে সহজলভ্য হয়ে উঠেছে।
২০১২ সাল থেকে, অর্থাৎ প্রায় পাঁচ বছর আগে টেলিযোগাযোগপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘ওয়াসা লিংক’ নামের এই গ্রাহকসেবার ব্যবস্থা চালু করে ঢাকা ওয়াসা। কিন্তু এখনো ওয়াসার অনেক গ্রাহক এ সম্পর্কে জানেন না। মিরপুরের ৬, ২, ১১ ও ১২ নম্বর সেকশনের কয়েকটি এলাকা, মোহাম্মদপুরের তাজমহল ও বাবর রোড, সেগুনবাগিচা ও পুরানা পল্টনের কিছু গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এই সেবা সম্পর্কে জানেন না। 

আবার ওই এলাকাগুলোরই অনেকে এটি জানেন এবং ১৬১৬২ নম্বরে ফোন করে সেবা পেয়েছেনও। মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ৪ নম্বর রোডের একজন বাসিন্দা আমিনুল হক প্রথম আলোকে বলেন, বাসায় পানির সমস্যা হওয়ায় ওই নম্বরে ফোন করে দুই ঘণ্টার মধ্যে পানির লরি পেয়েছেন তিনি।

ওয়াসার সূত্র জানিয়েছে, গ্রাহকের ফোনকল পাওয়ার পর প্রতিটি সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ সময়সীমা (ছয় ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা) নির্ধারণ করা আছে। পানির লরির চাহিদা পূরণের জন্য সর্বোচ্চ সময় ছয় ঘণ্টা। ম্যানহোলের ঢাকনা প্রতিস্থাপনের জন্য ১২ ঘণ্টা। পয়োনিষ্কাশন কিংবা পানির লাইন মেরামতের জন্য সর্বোচ্চ ২৪ ঘণ্টার সময় নির্ধারিত আছে।

তবে কাজটি জটিল হলে বা একই সঙ্গে একটি এলাকার একাধিক জায়গা থেকে ফোন এলে ওই সময়সীমা কিছুটা লঙ্ঘিত হয়। এটা যাতে না হয় সে জন্য ওয়াসা চেষ্টা চালাচ্ছে। কোন গ্রাহক ওয়াসার কোন অঞ্চল থেকে কখন ফোন করে কী সেবা চেয়েছেন, তা সংস্থার নির্ধারিত শাখায় কম্পিউটারে সংরক্ষণ করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তা পরীক্ষাও করেন।

ওয়াসার সংরক্ষিত হিসাব অনুযায়ী ২০১২ সালে ৭ হাজার ৯৬৬টি ফোনকল এসেছে এবং সেবা দেওয়া হয়েছে। ২০১৩ সালে ফোনকল আসে ৩৭ হাজার ৭৪৫টি। এরপর ২০১৪ সালে ৩৯ হাজার ৯৬৫টি, ২০১৫ সালে ৪৯ হাজার ৬৫৯টি এবং এ বছরের জুন পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩টি ফোনকল এসেছে নানা রকম সেবা চেয়ে। এই হিসাবে পাঁচ বছরে মোট ১ লাখ ৭৯ হাজার ৬৯৮টি ফোনকলের বিপরীতে সেবা দেওয়া হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ১০০টি ফোনকলের বিপরীতে সেবা দেওয়া হয়েছে।

ওয়াসার কর্মকর্তারা বলেন, ঢাকা মহানগরীর অনেক এলাকার নর্দমা, ম্যানহোল প্রভৃতির মালিক সিটি করপোরেশন। কিন্তু সেগুলোর সমস্যা জানিয়েও ওয়াসার এই নম্বরে ফোন করেন গ্রাহকেরা। এ রকম ক্ষেত্রে সেবা দেওয়া সম্ভব হয় না। তবে এ ব্যাপারে সিটি করপোরেশনের সঙ্গে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁরা বলেন, কলসেন্টারের সঙ্গে যুক্ত করায় বছরের ৩৬৫ দিন এই সেবা চালু থাকে। প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি ফোনকল গ্রহণ করা হয়। তবে সন্ধ্যা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত কোনো গ্রাহক ফোন করলে তা কম্পিউটারে সংরক্ষিত থাকে। পরদিন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।

সেব ছাড়াও ওই নম্বরে ফোন করে গ্রাহকের বিলের সর্বশেষ অবস্থা, বিল দেওয়ার জন্য নিকটস্থ ব্যাংকের অবস্থান, পানি, পয়ঃসংযোগ নেওয়ার নিয়মকানুন প্রভৃতি ওয়াসার সব ধরনের তথ্য ও সেবা সম্পর্কে জানা ও সেবা পাওয়া যায়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন ও পরিধি বাড়াতে এই পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এখন তিনি নিজেই একনজরে দেখতে পান কোন গ্রাহক কখন কী সমস্যার কারণে ফোন করেছেন, তাঁকে কখন সেবা দেওয়া হয়েছে।