সাংবিধানিক স্বীকৃতি আদিবাসীদের ন্যূনতম অধিকার। তাই ’৭২-এর সংবিধানে ফিরে গেলে আদিবাসীদের অধিকার সম্পর্কিত সিদ্ধান্তগুলোর সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের তৃতীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদেকা হালিম। বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি করুণামং চাকমার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয়ের অভিলাষ ত্রিপুরা প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের অধিকার বঞ্চিত করার সুযোগ নেই। তবে এর জন্য সংবিধানের সঠিক পাঠ প্রয়োজন। সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘নিজ ভাষার শক্তি থেকে কাউকে বিযুক্ত করা অন্যায়। প্রাথমিক পর্যায়ে নিজ ভাষায় শিক্ষা নিশ্চিত করা গেলে উচ্চশিক্ষায় বড় অংশকে সম্পৃক্ত করা যাবে।’ সাদেকা হালিম বলেন, আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংবিধানের কোনো প্রতিবন্ধকতা নেই। সম্প্রতি আদিবাসীদের উপজাতি হিসেবে চিহ্নিত করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা পরিবর্তনের আহ্বান জানান তিনি। সম্মেলনে পাহাড় ও সমতলের আদিবাসী ছাত্রনেতারা নিজেদের কার্যক্রম তুলে ধরেন। এ সম্মেলনেই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।