মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সব সামরিক ঘাটি প্রত্যাহার দাবি ভয়েস অব প্যালেস্টাইন-বাংলাদেশের
অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার করার দাবি জানিয়েছে ‘ভয়েস অব প্যালেস্টাইন-বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটি এ দাবি জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র তাদের ব্যবসায়িক স্বার্থে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করে রেখেছে। এসব দেশে তাদের অনুগত সরকার বসিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে, যা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করেছে।
মানববন্ধনে ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, ইসরায়েল বলছে, তারা ধর্মযুদ্ধ করছে। কিন্তু নিরীহ মানুষকে মেরে ফেলা কি তাদের সৃষ্টিকর্তা পছন্দ করবেন? বরং এ কাজের মাধ্যমে তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধেই যাচ্ছে। এটা কোনোভাবেই ধর্মের পথ নয়। এই বিধ্বংসী কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের, ইসরাইলের সাম্রাজ্যবাদের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করি। শুধু ইরান, ফিলিস্তিন নয়, বিশ্বের অনেক দেশ এভাবে তারা ধ্বংস করেছে। এই যুদ্ধ তাদের শাসকদের বিরুদ্ধেই যাবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন বলেন, ‘মানবাধিকার সংরক্ষণের নামে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে। সেখানে তাদের অনুগত সরকার বসিয়ে সেই দেশকে নিয়ন্ত্রণ করে। এভাবেই মধ্যপ্রাচ্যের সব কটি দেশ তারা নিয়ন্ত্রণ করছে। তারা ইসরাইলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে। অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে ইসরায়েল, ইরান, প্যালেস্টাইনে যুদ্ধ লাগিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার করতে হবে। তবেই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, মধ্যপ্রাচ্যের মানুষ তাদের অধিকার ফিরে পাক।’
ইরান-ইসরাইল যুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থানের সমালোচনা করেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ মজলুম ইরানের পক্ষে আছে। কিন্তু আমাদের সরকার ইরানের পক্ষে শক্ত অবস্থান নেয়নি। অনেক যদি কিন্তু রেখে তারা সরকারের অবস্থান তুলে ধরেছে। এর মাধ্যমে সরকার আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দখলদারত্বের পক্ষেই অবস্থান নিয়েছে। এই অবস্থানের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে সরকারের উচিত আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস অব প্যালেস্টাইন, বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার জাহিন।