শুরু হচ্ছে নিউরো স্পাইন সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি হওয়া রোগীদের ৩৫ ভাগ মেরুদণ্ডের সমস্যা নিয়ে আসে। মেরুদণ্ডের উন্নত চিকিৎসা এখন দেশেই সম্ভব। এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানার পরিধি আরও সমৃদ্ধ করতে চট্টগ্রামে মঙ্গলবার প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নিউরো স্পাইন সোসাইটির জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন। হোটেল রেডিসন ব্লুতে দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের প্রখ্যাত নিউরো সার্জারি ও স্পাইন চিকিৎসক, গবেষক ও শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ অংশ নেবেন।
সোমবার হোটেল রেডিসন ব্লুতে নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির অধ্যাপক মো. কামাল উদ্দিন। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোর মতো মেরুদণ্ডের চিকিৎসা ও অস্ত্রোপচার বাংলাদেশে হয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচার-প্রচারণা না থাকায় তাঁরা ভারতসহ অন্যান্য দেশে এ সেবা নেওয়ার জন্য পাড়ি দেন। আমরা চাই দেশের বিভিন্ন চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে বিশ্বমানের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, বৈজ্ঞানিক সম্মেলনের মধ্য দিয়ে দেশের প্রখ্যাত চিকিৎসকদের সঙ্গে নবাগত সার্জনদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় হবে। সেখানে উন্নত বিশ্বের মতো আধুনিক অস্ত্রোপচারগুলো বিষয়ে নতুন সার্জনদের হাতেকলমে শেখানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল রেডিসন ব্লুতে দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। এদিনও দেশি-বিদেশি প্রখ্যাত চিকিৎসকেরা বিভিন্ন বিষয় নিয়ে তথ্যউপাত্ত উপস্থাপন করবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী ও এভারকেয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট মো. আনিসুল ইসলাম খান।
আনিসুল ইসলাম খান বলেন, ‘চট্টগ্রামে ৩০ থেকে ৪৫ শতাংশ স্পাইন বা মেরুদণ্ডের রোগী আছেন। এসব রোগীদের সেবা নিশ্চিত করছেন আমাদের নিউরো সার্জনরাই।’ অধ্যাপক নোমান খালেদ বলেন, ‘চমেক হাসপাতালে স্বতন্ত্র নিউরো স্পাইন বিভাগ চালুর কাজ চলছে। এ বিভাগে বর্তমানে ৩৫ ভাগ রোগী মেরুদণ্ডের সমস্যা নিয়ে আসেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সানাউল্লাহ শামীম, সাইফুল আলম, মাহফুজুল কাদের, নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার সিরাজুম মনির, মাজেদ সুলতান, সহকারী রেজিস্ট্রার জয়দেব কুমার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ইসমে আজম প্রমুখ।