রাজনৈতিক সহিংসতায় মার্চে ২৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় গত মার্চ মাসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩৩ জন। আর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ৯৭টি। গত ফেব্রুয়ারিতে ১০৪টি সহিংসতার ঘটনায় নয়জন নিহত হয়েছিলেন।

গতকাল বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এইচআরএসএস বলছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল ঘিরে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে।

সংগঠনির তথ্য অনুযায়ী, মার্চে বিএনপির অন্তর্কোন্দলে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০২ জন। বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন। বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জন।

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। আওয়ামী লীগের অন্তর্কোন্দলে একজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এনসিপির অন্তর্কোন্দলের দুটি ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পাঁচটি ঘটনা ঘটেছে অন্যান্য দলের মধ্যে। নিহত ২৩ জনের মধ্যে বিএনপির ১৮ জন। ৯৭টি সহিংসতার ঘটনার ৮৮টিই ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে।

মার্চে অন্তত ৪১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও এইচআরএসএস সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।