চিফ হুইপের সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের উপ–মিশন প্রধানের সাক্ষাৎ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপ–মিশন প্রধান মেগান বলডিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্রের উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃ যাত্রা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক সম্পর্ক, জাতীয় সংসদের অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় পাশে থেকেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের বড় একটি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার ডিজিটাল আইটি চাকরি তৈরির যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেখানে প্রযুক্তিতে উন্নত যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে স্থীতিশীল করতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। তিনি প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এগুলো বাস্তবায়নে গণতন্ত্রের যাত্রা মসৃণ হওয়া অত্যাবশ্যক। গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন করা সম্ভব নয়।
মেগান বলডিন বলেন, যুক্তরাষ্ট্রের স্থাপত্যের ছাত্ররা প্রায়ই বাংলাদেশের সংসদ ভবন দেখার ইচ্ছা পোষণ করে, কারণ এটি লুই কানের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র সব সময় প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। প্রতিনিধিদল বাংলাদেশের শ্রম আইন সংস্কারের প্রশংসা করে এবং এটিকে ওয়াশিংটনে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানানো হয়। দ্বিপক্ষীয় চুক্তিতে দুর্নীতি দমন, পরিবেশ রক্ষা এবং বন্য প্রাণী পাচার রোধের মতো গুরুত্বপূর্ণ শর্তগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতে সংক্রামক ব্যাধি মোকাবিলার জন্য ৫ বছরে ৯০ মিলিয়ন ডলারের সহায়তার কথাও উল্লেখ করা হয়।