চট্টগ্রামে এক দিনে ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু মশা
ফাইল ছবি

চট্টগ্রামে গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় আজ রোববার এ তথ্য জানিয়ে বলেছে, চলতি বছর এক দিনে এত জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার তথ্য নেই।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত কয়েক দিন ঈদুল আজহার ছুটি ছিল। এ কারণে হাসপাতাল থেকে ডেঙ্গু শনাক্তের সঠিক হিসাব আসেনি। আর এ কারণে ২৪ ঘণ্টায় সংখ্যাটি বেশি হতে পারে।

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, এক দিনে এত জনের ডেঙ্গু শনাক্ত স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আগামীকাল (সোমবার) কত জন শনাক্ত হন দেখতে হবে। কারণ, ছুটি থাকায় কয়েক দিনের হিসাব একসঙ্গেও দিতে পারে। এ কারণেও সংখ্যাটা বেশি হতে পারে।। তবে ১০ দিন ধরে চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন তিনি।

এ বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ৫৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শুধু জুনেই ডেঙ্গু শনাক্ত হয়েছেন ৩১৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১০ জন মারা গেছেন।

রোববারের হিসাবে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল শনিবার ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ১০ জন। অন্যান্য হাসপাতালে ভর্তি ছিলেন ২৬ জন।

এ বিষয়ে জানতে চাইলে বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ঈদের সময় অনেকে কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যান। এ ছাড়া এখনো যেসব রোগী হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।