বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় কাজ করার বিষয়ে ১৪ বিদেশি মিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ঢাকায় দায়িত্বরত ১৪টি বিদেশি মিশন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার এক যৌথ বিবৃতিতে বিদেশি মিশনগুলো তাদের এ অঙ্গীকারের কথা প্রচার করেছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন ও সংহতি পুনর্নিশ্চিত করি, যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা রক্ষার জন্য কাজ করে এবং মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নের প্রচারে গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা তুলে ধরে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট থাকবে।’
যৌথ বিবৃতিতে সই করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস।