নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে আন্দোলনকারীরা, পুলিশের বাধা, জলকামান, সাউন্ড গ্রেনেড

রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়। আজ শুক্রবার সকালেছবি: শুভ্র কান্তি দাশ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়।

আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ জলকামান ছোড়ে
ছবি: শুভ্র কান্তি দাশ

একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান।

পুলিশ আন্দোলনকারীদের প্রতিহত করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে
ছবি: শুভ্র কান্তি দাশ

বেলা ১১টার পর তাঁরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পুলিশ এ সময় জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।

আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে
ছবি: শুভ্র কান্তি দাশ

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখা যায়।

বেলা ১টার কিছুটা আগে অধিকাংশ আন্দোলনকারী ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন। অন্য আন্দোনকারীরা আশপাশের সড়কে ছড়িয়ে–ছিটিয়ে অবস্থান করছিলেন।

যমুনা অভিমুখে আন্দোলনকারীরা। পুলিশের বাধা
ছবি: শুভ্র কান্তি দাশ

বেলা ১টার পর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থাকা আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেডের মুখে আন্দোলনকারীদের একটা অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরে শাহবাগের দিকে যায়। আরেকটি অংশ বাংলামোটরের দিকে চলে যায়। এখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। পরে ইন্টারকন্টিনেন্টাল মোড়–সংলগ্ন মূল সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

বেলা ১টার পর ইন্টারকন্টিনেন্টাল মোড়–সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়
ছবি: শুভ্র কান্তি দাশ

যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

বিজিবি মোতায়েন করা হয়েছে
ছবি: বিজিবির সৌজন্যে

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরতরা এসেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছেন আন্দোলনরতরা। বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

যমুনার সামনে রমনা পার্কের দিকের সড়কে আন্দোলনকারীরা। দুপুর সোয়া ১২টার দিকে
ছবি: মীর হোসেন

আন্দোলনকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘অফিস না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘অবিলম্বে পে স্কেল, দিতে হবে দিয়ে দাও,’ ‘যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না’ বলে স্লোগান দিচ্ছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহান উদ্দিন বলেন, ‘নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করছে না সরকার। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা জেনেছি, একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে।’

আন্দোলনকারীদের বাধা দিচ্ছে পুলিশ
ছবি: শুভ্র কান্তি দাশ
আন্দোলনকারীদের বাধা দিচ্ছে পুলিশ
ছবি: শুভ্র কান্তি দাশ

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকাল ১০টার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হলেও শোনেননি। পরে পুলিশ ধাওয়া দিলে ও জলকামান ছুড়লে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা সেখানে অবস্থান করছেন।