সাবেক লে. জেনারেল নাজিম ও তাঁর স্ত্রী–সন্তানের আয়কর নথি জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক)ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলতে থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিন, তাঁর স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আখতারুজ্জামান নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগের বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগসংশ্লিষ্ট মো. নাজিম উদ্দিন বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয় অনুসন্ধান চলমান আছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ও তাঁর পরিবারের নামীয় আয়কর নথি (করবর্ষ-২০১৩-১৪ থেকে ২০২৫-২৬ পর্যন্ত বছরভিত্তিক আয়কর রিটার্নসমূহ ও এর সঙ্গে সংযুক্ত বা সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র) এর সত্যায়িত বা সার্টিফায়েড ছায়ালিপি পর্যালোচনা একান্ত প্রয়োজন।