ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে ডিবিএইচ দেশের গৃহঋণের প্রসারে ভূমিকা পালন করে আসছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য নিঃসন্দেহে আনন্দের। এটি আমাদের ওপর হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের দীর্ঘদিনের আস্থার উদ্যাপন। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
দীর্ঘ পথচলায় ডিবিএইচ আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ডিবিএইচের খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ অতিক্রম করেনি, যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।
বর্তমানে ডিবিএইচ দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামি—উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা প্রদান করছে।