ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘উসকানিমূলক’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীত ইতিহাস থেকে দেখা যায় যে বিএনপি তাদের তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় জনস্বার্থ বিঘ্নিত করার লক্ষ্যে সন্ত্রাস ও নাশকতার পন্থা বেছে নিয়েছে। অভিনব কায়দায় অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ, নিরীহ ও শ্রমজীবী মানুষদের হত্যা করেছে। অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির একধরনের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা থেকে বিএনপি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এসব অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।’

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড সারা দেশের মানুষকে মর্মাহত করেছে। নির্দয় আগুনের লেলিহান শিখা ব্যবসায়ী ও কর্মচারীদের আগামীর সুসজ্জিত স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করেছে। স্মরণকালের এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন। যার যার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এমন ভয়াবহ ঘটনাও বিএনপির অনুভূতিকে নাড়া দিতে পারেনি। ক্ষমতার মোহে অন্ধ বিএনপি নেতাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে না দাঁড়িয়ে, তাদের প্রতি সহানুভূতিশীল না হয়ে ভয়াবহ এ দুর্ঘটনা নিয়ে বিএনপির নেতারা চিরাচরিত ভঙ্গিতে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাজনীতি করছেন।

মন্ত্রী আরও বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে কোনো ধরনের কালক্ষেপণ না করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনতিবিলম্বে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। সরকার বা আওয়ামী লীগের প্রভাবশালী কেউ এখানে জড়িত থাকলে তদন্ত¯করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সময়ক্ষেপণ করা হতো; বরং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতি দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন।