করোনা শনাক্ত ৪০ জনের, ৩৫ জনই ঢাকার  

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) কারও মৃত্যু হয়নি। এ সময় ৪০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ৩৫ জনের শনাক্ত হয়।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৯। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৩। করোনা শনাক্ত হয়েছিল ২৮ জনের।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ ছাড়াও ময়মনসিংহ ও সিলেটে দুজন করে এবং চট্টগ্রামে একজনের সংক্রমণ শনাক্ত হয়। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে কারও সংক্রমণ শনাক্ত হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।