সপ্তাহে করোনায় মৃতদের ৮০ ভাগই টিকা নেননি
করোনায় গত সপ্তাহে যে ২০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৮০ ভাগই টিকা নেননি। মৃত ব্যক্তিদের মধ্যে ৯৫ ভাগই পঞ্চাশোর্ধ্ব।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬০ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩০। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২২।
করোনায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজন ঢাকা বিভাগের, অন্যজন রংপুর বিভাগের। তাঁরা দুজনই পুরুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশে করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের ১৫ জন পুরুষ, বাকি ৫ জন নারী। তাঁদের মধ্যে ১৬ জন, অর্থাৎ ৮০ ভাগই টিকা নেননি। বাকি চারজন দুই ডোজ টিকাই নিয়েছিলেন।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন।