করোনায় মৃত্যু ১ জনের, শনাক্ত ৪০২
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪০২ জনের। আগের দিন ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ও করোনায় একজনের মৃত্যু হয়।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১। আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৫।
গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়, তিনি বরিশাল বিভাগের বাসিন্দা।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৬ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। জুনে সংক্রমণ বৃদ্ধি শুরু হয়। জুলাই মাসের শেষ দিক এসে সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকে। আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর ২ সেপ্টেম্বর শনাক্ত ৬ শতাংশের ওপর উঠে আসে। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮।