যশোরে অমিক্রনের নতুন উপধরন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাস
প্রতীকী ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাসের অমিক্রন ধরনের নতুন সাব–ভ্যারিয়েন্ট বা উপধরন শনাক্ত হয়েছে। উপধরনটির নাম বিএ.২.৭৫। যবিপ্রবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত রোববার জিনোম সেন্টারের একদল গবেষক জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনার নতুন উপধরনটি শনাক্ত করেন।

যবিপ্রবির গবেষক দলটি জানায়, আক্রান্ত তিনজন ব্যক্তিই পুরুষ। যাঁদের একজনের বয়স ৫৫ এবং বাকি দুজনের বয়স ৮৫ বছর। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যরা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের শরীরে জ্বর, গলাব্যথা, সর্দি-কাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে।

গবেষক দলটি আরও জানায়, বিএ.২.৭৫ উপধরনের স্পাইক প্রোটিনে অমিক্রনের বিএ২ ধরনের মতোই মিউটেশন দেখা যায়। উপধরনটি জুলাইয়ে ভারতে প্রথম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত আগস্টে উপধরনটি বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়। টিকা নেওয়া ব্যক্তিরাও এর মাধ্যমে আক্রান্ত হচ্ছেন। আগামী দিনে এই উপধরন বর্তমানে সংক্রমণশীল অন্যান্য উপধরনের তুলনায় বেশি সংক্রমণ ঘটাতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, এই ধরন ভারতে দেখা গিয়েছিল। পরে এর প্রকোপ কমে গেছে। যুক্তরাষ্ট্রেও এটি ছড়িয়েছে। এখন বাংলাদেশে পাওয়া গেল।

এই উপধরনের সংক্রমণ নিয়ে মুশতাক হোসেন বলেন, এই উপধরন বেশি সংক্রমণ ঘটাবে কি না, তা প্রমাণসাপেক্ষ। ভারতে এটি বেশি ছড়ায়নি।

করোনার এই নতুন উপধরন শনাক্তের বিষয়ে যবিপ্রবির উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, এই উপধরন মানুষের রোগ প্রতিরোধব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। এ জন্য মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে করোনার নতুন এই উপধরন শনাক্ত হয়। গবেষক দলের অন্য সদস্যরা হলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হাসান মো. আল-ইমরান, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান শিরিন নিগার, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর ইসলাম, সেলিনা আক্তার, অভিনু কিবরিয়া ইসলাম, জিনোম সেন্টারের গবেষণা সহকারী প্রশান্ত কুমার দাস, মো. আলী আহসান প্রমুখ।