করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ফাইল ছবি: রয়টার্স

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের। আগের দিনও করোনায় একজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ১৩৭ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪২। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক শূন্য ৬০।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।