করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১২১
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা ঢাকার বাসিন্দা। এ সময় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪২ হাজার ২৫২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৬১ জন।
গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের সব অঞ্চল ও অধিকাংশ দেশে করোনার সংক্রমণ কমতে দেখা যাচ্ছে। কিন্তু গত চার সপ্তাহে যে কটি দেশে সংক্রমণ বাড়তি দেখা গেছে, বাংলাদেশ তাদের অন্যতম।
করোনা মহামারি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রোগতাত্ত্বিক বিশ্লেষণ ছিল এটি।
ওই বিশ্লেষণে দেখা যায়, সংক্রমণ বৃদ্ধির হার ২০–এর বেশি, এমন দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তি নিয়মিতভাবে বাড়ছে, এমন দেশের তালিকাতেও বাংলাদেশ রয়েছে।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।