করোনায় মৃত্যু দুজনের, শনাক্ত হাজারের বেশি

ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জনের। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৭ জন।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫৫। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২২৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন ঢাকা ও খুলনা বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনা সংক্রমণ বেড়েছে। বেড়েছে এই ভাইরাসে মৃত্যুও।

এবার করোনার সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে অমিক্রনের দুটি উপধরন বিএ ৪ ও ৫ দায়ী বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় বিএ ৫। এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে বিশ্বে নতুন করে ৫৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে; যা আগের সপ্তাহের চেয়ে ৬ শতাংশ বেশি। তবে গত বছরের তুলনায় করোনায় মৃত্যু এখন কম।