করোনা শনাক্ত সাতজনের, সবাই রাজধানীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা সবাই রাজধানী ঢাকার। এ সময় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৭। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪৪।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৩৫১ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৩৯ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।