করোনা শনাক্ত ৭১ জনের
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩ জনই আক্রান্ত হয়েছেন ঢাকায়। তবে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৬৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৯৮২ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫২ জন।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।