দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী শনাক্ত হচ্ছে
ছবি: এএফপি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণে কারও মৃত্যু হয়নি। এ সময় ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনও করোনায় কারও মৃত্যু হয়নি। রোগী শনাক্ত হয়েছিল ১৪১ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭২। আগের দিন এ হার ছিল ৯ দশমিক ৬৬।

কিছুদিন ধরে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার সর্বশেষ সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে বলা হয়েছে, আগের সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে সারা বিশ্বে সংক্রমণ ২৮ শতাংশ কমেছে। তবে বিশ্বের সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে। সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, বাংলাদেশে দেড়-দুই সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে সংক্রমণ ৪৭ শতাংশ বেড়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমারে একই সময়ে বেড়েছে ১১৭ শতাংশ।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।