করোনা শনাক্ত ৪৩৮ জনের, মৃত্যু একজনের
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। আগের দিন ৪০২ জনের করোনা শনাক্ত হয়। এ সময় করোনায় একজনের মৃত্যু হয়।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০। আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪১।
গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৭ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। জুনে সংক্রমণ বৃদ্ধি শুরু হয়। জুলাই মাসের শেষ দিকে এসে সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকে। আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর ২ সেপ্টেম্বর শনাক্ত ৬ শতাংশের ওপর উঠে আসে। ১৩ সেপ্টেম্বর শনাক্তের হার হয় ১০ দশমিক ৫৫।