করোনা শনাক্ত ৫ জনের, সবাই ঢাকার
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা সবাই ঢাকা জেলার বাসিন্দা। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল ৮ জনের করোনা শনাক্ত হয়েছিল, তবে কারও মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ২৮। সুস্থ হয়েছেন ৩২০ জন।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৯৫ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।
চলতি বছরের জানুয়ারিতে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। গত জানুয়ারিতে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।