করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭ জন  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনার সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। আগের দিনও করোনায় একজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৪৯ জনের।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৭২। আগের দিন এ হার ছিল ৫ দশমিক ৮৬।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৯৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৩ জন মারা গেছেন, তাঁরা রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝি দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।