করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২১৪
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের। আগের দিন ১৭২ জনের করোনা শনাক্ত হয়। এ সময় কারও মৃত্যু হয়নি।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২০। আগের দিন এ হার ছিল ৪ দশমিক শূন্য ৮।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় একমাত্র মৃত ব্যক্তি খুলনা বিভাগের।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে।
এরপর সংক্রমণ কমতে থাকে। জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।