করোনায় মৃত্যুশূন্য দিন ফিরল আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

করোনায় আবার মৃত্যুশূন্য দিন এল। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে কারও মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের। আগের দিন করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ২২০ জন।

এর আগে দেশে সর্বশেষ করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত ২৯ জুন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক ১০। আগের দিন এ হার ছিল ৫ দশমিক শূন্য ৫৬।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৭ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩০৪ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে।