অনাগত মানুষ একদিন পড়বে করোনাকালের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের চারপাশে করোনা নামের নাগিনী সারাক্ষণ নিঃশব্দ ভয়াবহতায় আমাদের তাড়া করছে। টিভির অনুষ্ঠানজুড়ে করোনা, ফোনে করোনা, কথায় করোনা, গল্প–কবিতায়, আকাশে, বাতাসে জীবনযাপনে শুধুই করোনা।

আমরা নিউইয়র্কবাসী এখন প্রতিটি ঘরে, বাড়িতে ভয়ংকর করোনার সঙ্গেই বসবাস করছি। আমাদের দিন শুরু হয় মৃত্যু সংবাদ দিয়ে, আমাদের রাত শেষ হয় উৎকণ্ঠা ও দুশ্চিন্তা নিয়ে। দ্বীপবাসীদের মতো বিচ্ছিন্ন প্রতি ফোনকলে ঘন দীর্ঘশ্বাস, কবে এ দুঃখের নিশি ভোর হবে...।

আমার বাসা থেকে আধা মাইলের দূরত্বে নিউইয়র্কের বিখ্যাত কয়েকটি হাসপাতালের অবস্থান। নিস্তব্ধ ভুতুড়ে নগরে দিনে-রাতে যখন সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যায়, তখন আমার মনে হয় আজরাইল আসছেন। অথচ সব সময়ই বিশ্বাস করি, অ্যাম্বুলেন্স প্রাণ বাঁচাতে আসে।

নিউইয়র্কের পাঁচটি বরোতে কয়েক লাখ বাঙালির বাস। সবাই সবার কোন না কোনোভাবে পরিচিত। অনেকেই সেরে উঠছেন। অনেকেই সেরে ওঠার জন্য লড়াই করেছেন। লড়াইয়ে হেরে দুনিয়া থেকে হারিয়ে যাওয়া আমার স্বজনদের সংখ্যাও কম নয়। মৃতের সংখ্যা বাড়ে, সঙ্গে বাড়ে আমার হতাশা। স্বজন-পরিচিতজনদের বিয়োগ ব্যথার যে ভারী পাথর চেপে আছে, মনে তা নিয়ন্ত্রণ করতে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে চলছি অবিরাম।

চারপাশের অসংখ্য দুঃখজনক খবরে ভয়ের সাপ পেঁচিয়ে ধরে থাকে সারাক্ষণ। টেনশনে মনোবল নষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। অযথাই জ্বর জ্বর লাগে, গলা খুসখুস করে, গা ব্যথা করে। সারাক্ষণ ঘরের আশ্রয়ে থেকেও ভয়ের অতলে তলিয়ে থাকি। সারাক্ষণ হাত ধুচ্ছি, মুখ ধুচ্ছি, গরম আদা পানি, লেবু পানি, দারুচিনি, এলাচি, জিরা পানি পান করছি। কালিজিরা নিয়মিত নিজে খাচ্ছি পরিবারের সবাইকে খেতে বাধ্য করছি। তারপরও মনে হয়, এই বুঝি আক্রমণ করে ফেলল।

পরিবারের দুই পুরুষই নিউইয়র্কের এসেনশিয়াল ওয়ার্কার। স্বামী-ছেলেকে কর্মস্থলে পাঠিয়ে আধমরা পড়ে থাকি।

১৮ এপ্রিল জ্যাকবি হাসপাতালে ছোট ছেলের প্রথম সন্তান জন্ম নিল। নাতির শুভাগমনে খুশিতে ঘর সাজাচ্ছি আর ৭ বছরের নাতনি আনুমের সঙ্গে গল্প করছি—আমি এখন সাজিয়ে দিই। তার বিয়ের সময় তো আমি থাকব না। সে সময় তুমি সাজাবে আর গল্প করবে—
‘তুই জানিস ইব্রাম, তোর জন্মের পর হাসপাতাল থেকে আসার আগে তোর দাদি তোর জন্য বাড়ি সাজিয়ে ছিল। তোর ক্রিভ সাজিয়ে ছিল।’

–‘তুই কল্পনাও করতে পারবি না ইব্রাম, কী রক্ত হিম করা ভয়ে ভীত মানুষেরা সবাই ঘরবন্দী ছিল সে সময়।’

আসলেই তো এই ভয়ংকর করোনাকাল আমাদের টাইম মেশিনে চড়িয়ে টাইম ট্রাভেলসের অদ্ভুত এক সুযোগ করে দিয়েছে। আমার বর্তমানে বাস করে অতীতকে অনুভব করছি। জল, স্থল ও আকাশচারী যানবাহনের দৌরাত্ম্যমুক্ত এক নির্মল প্রকৃতি।
আমরা এক অদ্ভুত মহামারির সাক্ষী হয়েছি, যে ঘটনার বিবরণ ইতিহাস পড়ে, এই সময়ের সাক্ষী লেখকদের লেখা পড়ে, পরবর্তী প্রজন্ম জানবে।

কত লাখ লাখ প্রাণের বিনিময়ে ভয়ংকর অদৃশ্য ক্ষুদ্র অণু কোভিড–১৯–এর থাবা থেকে পৃথিবী রক্ষা পেয়েছিল। আগামীর মানুষ তা জানবে ‘হিস্ট্রি অব কোভিড নাইন্টিন’ সম্পর্কে লিখিত বই পড়ে, ডকুমেন্টারি দেখে, ছবি দেখে। যেভাবে আমরা জেনেছিলাম আলবেয়ার কাম্যুর উপন্যাস ‘দ্য প্লেগ’ পড়ে। ‘দ্য প্লেগ’ মন্দ, ভয় ও মৃত্যুর সঙ্গে মানুষের সম্পর্কের চিরকালীন বিবরণ।

১৯৪০ এর দশকের গোড়ার দিকে আলজেরিয়ায় ইঁদুর থেকে সংক্রমিত প্লেগ নামক মহামারি ‘ওরাঁ’ শহরটিকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। আর এখন যেন গোটা পৃথিবীই ওরাঁ।

কাম্যু বর্ণনা করেছেন, মহামারির মতো মরণঘাতী সংকটের সময় মানুষের আচরণ ও প্রতিক্রিয়া কীভাবে পাল্টে যায়। কোভিড-১৯–এর সময়ে আমরাও দেখছি কীভাবে পাল্টে যাচ্ছে মানুষ।