অন্টোনাগনে করোনার কোনো সংক্রমণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগান অঙ্গরাজ্যের অন্টোনাগন কাউন্টিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। রাজ্যের আপার পেনিনসুলার লেক সুপিরিয়রে অবস্থিত অন্টোনাগন কাউন্টির লোকসংখ্যা প্রায় ৬ হাজার ৩০০। ওয়েস্টার্ন আপার পেনিনসুলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েস্টার্ন আপার পেনিনসুলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কেইট বিয়ার বলেন, এ অঞ্চলে জনসংখ্যা অল্প এবং গ্রামীণ প্রকৃতি ও পরিবেশের জন্য করোনাভাইরাস প্রভাব বিস্তার করতে পারেনি। এ ছাড়া এখানে বেশ বয়স্ক মানুষ রয়েছেন, যাঁরা এমনিতেই বাড়ির বাইরে কম যান। বয়স্করা এমনি বেশি সতর্ক থাকেন। এতে সংক্রমণের ঝুঁকিও কমে যায়। সচেতন মানুষ মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব মেনে চলেন, তাই এখানে করোনার সংক্রমণ নেই।

অন্টোনাগন কাউন্টির অধীনে বেশ কয়েকটি শহর রয়েছে বলে জানা গেছে। ৩ হাজার ৭৪১ বর্গমাইল আয়তনবিশিষ্ট এই কাউন্টির ৬৫ শতাংশ এলাকা জল ও ৩৫ শতাংশ এলাকা স্থল। মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সূত্রে জানা গেছে, অঙ্গরাজ্যে ১৩ জুন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬৭ জনের, সংক্রমিত হয়েছে ৫৯ হাজার ৮০১ জন।