অন্য রাজ্যে করোনা রোগী পান ৩ লাখ, নিউইয়র্কে মাত্র ১২ হাজার

করোনাভাইরাসের মতো দুর্যোগ–দুর্বিপাকেও আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় নিউইয়র্কের প্রতি ডোনাল্ড ট্রাম্পের কেন্দ্রীয় সরকার থেকে বৈষম্য করছে বলে অভিযোগ উঠেছে।
আমেরিকার প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য হিল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যান্য অঙ্গরাজ্যে পরীক্ষায় ইতিবাচক প্রতি করোনা রোগী তিন লাখ ডলার করে পাচ্ছে। সেখানে সবচেয়ে বেশি উপদ্রুত অঙ্গরাজ্য নিউইয়র্কে প্রত্যেক আক্রান্ত মানুষ পাচ্ছে মাত্র ১২ হাজার ডলার করে।
নাইজার হেলথ নামক সংস্থা থেকে পাওয়া তথ্যে জানা যায়, মিনেসোটা, নেব্রাস্কা, মন্টানা—এসব অঙ্গরাজ্য প্রতি কোভিড-১৯ পজেটিভ কেসের জন্য তিন লাখ ডলারের বেশি বরাদ্দ পাচ্ছে।
নিউইয়র্ক গভর্নর ক্যুমো আক্ষেপ করে বলেন, ‘আমাদের অঙ্গরাজ্যে বেশি করোনাভাইরাস পরীক্ষা প্রয়োজন।ফেডারেল সরকার থেকে আমাদের আরও অনেক বেশি সাহায্যের প্রয়োজন।’
১২ এপ্রিল রোববার সংবাদ সম্মেলনে গভর্ণর ক্যুমো দাবি করেন, ‘আমরা করোনাভাইরাসকে স্থিতিশীল একটা অবস্থায় আনতে সক্ষম হয়েছি। যদিও মৃত্যুর সংখা এখনো ভীতিকর ও পীড়াদায়ক। তবে এ সংখ্যাও আগের চেয়ে কমছে। হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি, নিবিড় পর্যবেক্ষণে গমন ইত্যাদি ঘটনা কমে আসছে। তবে গভর্নর বলেন, দুর্ভাগ্যবশত গতকাল ইনটিউবেসনের সংখ্যা (শ্বাসপ্রশ্বাসে যন্ত্রের সাহায্য নিতে শ্বাসনালিতে পাইপ ঢুকানো) বেড়ে গেছে। আর অধিকাংশ করোনা আক্রান্ত রোগী ইনটিউবেসন থেকে ফিরে আসেন না। সেটাই এখন উদ্বেগের বিষয়। তবে বৃহত্তর চিত্রে আমরা করোনা মহামারির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরেছি।’
গভর্নর ক্যুমো সবাইকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তড়িঘড়ি লকডাউন উঠিয়ে নেওয়ার বিপক্ষে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সব বিচার বিবেচনা না তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিলে আবার সংক্রমণ বাড়তে পারে।