করোনা মহামারি
অ্যান্টিজেন পরীক্ষায় সাড়া কম
১০টি জেলায় গত ১৬ দিনের অ্যান্টিজেন পরীক্ষার তথ্য বলছে, দৈনিক মাত্র ৬টি করে পরীক্ষা হয়েছে।
অনেক আলোচনা ও দীর্ঘ প্রক্রিয়ার পর সরকার দেশের ১০টি জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু করে। দ্রুত ও সহজে ফল জানার অ্যান্টিজেন পরীক্ষা চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে—এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু গত ১৬ দিনে এই ১০টি জেলায় দৈনিক মাত্র ৬টি করে অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে।
অ্যান্টিজেন পরীক্ষায় তেমন সাড়া না পাওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলেও তা নিয়ে জেলাগুলোয় কোনো ধরনের প্রচার চালানো হয়নি। আর জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, যাঁদের করোনার উপসর্গ রয়েছে, শুধু তাঁদের অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। ফলে পরীক্ষার সংখ্যা সেভাবে বাড়েনি।
বর্তমানে আরটি–পিসিআর পদ্ধতিতে করোনা শনাক্তের পরীক্ষা করা হয়। এতে পরীক্ষার ফল পেতে সময় বেশি লাগে। তাই দ্রুত ফল পেতে ৫ ডিসেম্বর ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। জেলাগুলো হচ্ছে গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। এরপর গত শুক্রবার (১৮ ডিসেম্বর) আরও ১৭টি জেলা ও ঢাকার ২টি উপজেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। এ নিয়ে মোট ২৭ জেলা ও ২ উপজেলায় অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে।
উপসর্গ না থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হয় না, এটি পরীক্ষার সংখ্যা কম হওয়ার বড় কারণ। প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে।
প্রথমে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়া ১০টি জেলার পরীক্ষাসংক্রান্ত তথ্য গতকাল সোমবার সংগ্রহ করেছে প্রথম আলো। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫ ডিসেম্বর থেকে গত রোববার পর্যন্ত এই ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ৯৮২টি। প্রতি জেলায় দৈনিক গড়ে পরীক্ষা হয়েছে ৬ দশমিক ১৩টি।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (এমআইএস) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, উপসর্গ না থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হয় না, এটি পরীক্ষার সংখ্যা কম হওয়ার বড় কারণ। প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে। যেসব জেলায় অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে, সেখানে স্থানীয়ভাবে প্রচার চালাতে বলা হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ২৭ জেলা ও ২ উপজেলায় অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ৯০টি। অর্থাৎ সেদিন গড়ে প্রতিটি জেলায় তিনটি করে অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে।
অ্যান্টিজেন পরীক্ষা কম হওয়ার বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, উপসর্গ দেখা দেওয়ার ৫ থেকে ৭ দিনের মধ্যে এই পরীক্ষা করাতে হয়। আর যাঁদের উপসর্গ নেই, তাঁদের ক্ষেত্রে নমুনা নিয়ে আরটি–পিসিআর করতে পাঠানো হচ্ছে।
বিশ্লেষণে দেখা যায়, প্রথমে শুরু হওয়া ১০ জেলায় ৯৮২টি অ্যান্টিজেন পরীক্ষার মধ্যে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮ শতাংশ। আর ৮০৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে (করোনা শনাক্ত হয়নি)। সর্বোচ্চ ২১৯টি অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে গাইবান্ধা জেলায়। এর মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম পরীক্ষা হয়েছে পঞ্চগড়ে। এই জেলায় ৩৬টি অ্যান্টিবডি পরীক্ষা হয়েছে। তাতে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশে করোনা শনাক্তকরণ পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। অ্যান্টিজেন পরীক্ষা চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে, জনস্বাস্থ্যবিদেরা এমনটাই বলছিলেন। এটি করোনা রোগী শনাক্ত, মহামারিতে নেওয়া পরিকল্পনাসহ নানা নীতিনির্ধারণেও সাহায্য করবে। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি।
করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। এত কম পরীক্ষা হলে মহামারি পরিস্থিতি বোঝা যাবে না। অ্যান্টিজেন পরীক্ষার বিষয়ে উপজেলা ও গ্রামীণ এলাকার লোকজন জানেই না।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ রায় প্রথম আলোকে বলেন, অ্যান্টিজেন পরীক্ষার বিষয়ে মানুষ ততটা জানে না। জেলা প্রশাসকের মাধ্যমে জেলা তথ্য অফিসকে এ বিষয়ে মাইকে প্রচার করতে বলা হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষা করার মতো নমুনাও কম পাওয়া যাচ্ছে। অ্যান্টিজেন পরীক্ষা সম্পর্কে মানুষ অবগত নয় বলে জানান মাদারীপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন চিকিৎসক মীর রায়হান। তিনি বলেন, অ্যান্টিজেন পরীক্ষা নিয়ে সচেতনতা ও ব্যাপক প্রচারণা দরকার।
জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল প্রথম আলোকে বলেন, করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। এত কম পরীক্ষা হলে মহামারি পরিস্থিতি বোঝা যাবে না। অ্যান্টিজেন পরীক্ষার বিষয়ে উপজেলা ও গ্রামীণ এলাকার লোকজন জানেই না। যে জেলাগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে, সেখানে ব্যাপক প্রচার চালাতে হবে। জনগণকে পরীক্ষা করাতে উৎসাহিত করতে হবে।
নেগেটিভদের মধ্যেও করোনা শনাক্ত হচ্ছে
সরকারের কোভিড-১৯ পরীক্ষা নীতিমালায় বলা হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলও পাওয়া যেতে পারে। উপসর্গ থাকার পরও অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এলে আরটি–পিসিআর বা জিন এক্সপার্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। আর অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ হলে ওই ব্যক্তি নিশ্চিত পজিটিভ হিসেবে গণ্য হবে।
১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষায় যাঁদের নেগেটিভ এসেছিল, সেই ৮০৮ জনের আরটি–পিসিআর পরীক্ষা করা হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এলেও আরটি–পিসিআর পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, যাঁদের অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ আসছে, তাঁদের সবার নমুনা আরটি–পিসিআর পরীক্ষা করতে পাঠানো হচ্ছে। আর অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ হলে তাঁকে করোনা রোগী হিসেবে চিকিৎসার আওতায় আনা হচ্ছে।