আখাউড়া দিয়ে ভারতফেরত আরও ৩ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকা আরও তিনজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। শনাক্তের খবর জানার পর তাঁদের তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁদের করোনা পজিটিভ ফল জানা যায়।

জানা যায়, এই স্থলবন্দর দিয়ে গত এক মাসে ১ হাজার ১৮৪ জন বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন দুজন।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা আবদুল হামিদ বলেন, নিয়মিত যাত্রী চলাচল বন্ধ থাকলেও বিশেষ অনুমোদন নেওয়া যাত্রীরা পারাপার হচ্ছেন। গত ২৬ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ১ হাজার ১৮৪ জন বাংলাদেশে ঢুকেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাঁরা বাংলাদেশে প্রবেশ করেছেন, তাঁদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা শহরের ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টিনে পূরণ করা ৫৫৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত বাংলাদেশি নাগরিকদের করোনা পরীক্ষার জন্য নেওয়া নমুনা ঢাকায় পাঠানো হয়। গতকাল রাতে ৮৪টি নমুনার ফল আসে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা তিনজন। তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টিন থেকে আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ভারতে ব্ল্যাক ফাঙ্গাস মহামারি আকার ধারণ করেছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের সেখানেই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে কেউ বাদ পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের করোনার ধরন ভারতীয় কি না, তা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য করোনা পজিটিভ ব্যক্তিদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল পাওয়া যায়নি।