আন্তর্জাতিক বন্দরে করোনা বিধিনিষেধ শিথিল করার সুপারিশ
টিকা নিয়ে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি বলেছে, সব বহির্গামী যাত্রীর আরটি–পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করার দরকার নেই। আজ বৃস্পতিবার কমিটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে।
গতকাল বুধবার রাতে কমিটির সভা হয়। সভায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং বিদেশ থেকে আসা ও বিদেশগামী যাত্রীদের ব্যাপারে আলোচনা হয়। বিদেশ থেকে আসা যাত্রীদের ব্যাপারে কমিটি সুপারিশে বলেছে, করোনার পূর্ণ ডোজ নেওয়ার ১৪ দিন পার হওয়া বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে। টিকার ডোজ সম্পন্ন করেননি, এমন ব্যক্তিদের ভ্রমণ করার পূর্বের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার প্রয়োজন আছে।
কমিটি আরও বলেছে, বহির্গামী যাত্রীদের ক্ষেত্রে বর্তমানে কোনো কোনো দেশে প্রবেশের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক নয়। এ অবস্থায় সব বহির্গামী যাত্রীর জন্য আরটি–পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করার দরকার নেই। কোনো দেশ বা কোনো এয়ারলাইনস যদি চায়, তাহলে ওই দেশ বা এয়ারলাইনসের চাহিদা অনুযায়ী যাত্রীদের পরীক্ষা করতে হবে। কমিটি আরও বলেছে, যাত্রীর কাছে তাঁর কোভিড-১৯ টিকার সনদ থাকা বাধ্যতামূলক করতে হবে। এয়ারলাইনসগুলো এ–সংক্রান্ত প্রমাণাদি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে পারে।
দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার বিধিনিষেধ শিথিল করার সুপারিশ করে জাতীয় কমিটি। ওই একই সভায় কমিটি ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস শুরু করার সুপারিশ করেছিল।