আমেরিকায় ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের সংক্রমণ ও তাতে মৃত্যুর দিক দিয়ে আমেরিকা সবার ওপরে। ছবি: রয়টার্স
করোনাভাইরাসের সংক্রমণ ও তাতে মৃত্যুর দিক দিয়ে আমেরিকা সবার ওপরে। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমেরিকায় জারি হওয়া লকডাউন ধীরে ধীরে উঠে যাচ্ছে। ইতিমধ্যে দেশটির অনেক অঙ্গরাজ্য লকডাউন শিথিল করে ধীরে ধীরে নানা খাত খুলে দেওয়া শুরু করেছে। তবে লকডাউন তুলে নিলেও আসছে গ্রীষ্ম পর্যন্ত আমেরিকাবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলে গাইডলাইন দেওয়া হয়েছে। 

তবে রাজ্য গভর্নররা বলছেন, রাজ্যে মানুষ এখনই একদম স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কারণ কিছু কিছু এলাকায় এখন ব্যাপক সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই সেসব এলাকা কঠোর লকডাউনের আওতায়ই থাকবে।


বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ও এতে মৃত্যুর দিক দিয়ে আমেরিকা সবার ওপরে। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে শোচনীয় ছিল। তবে গত কয়েকদিনে নিউইয়র্কসহ আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমণের হার কমে আসছে। করোনাভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়ে বিশ্বের ২ লাখ ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে, যার এক চতুর্থাংশ আমেরিকার।


জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই। আর এতে মৃত্যু হয়েছে ৫৬হাজারের বেশি মানুষের। আর ২৮ এপ্রিল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রোগীর সংখ্যা ১০ লাখ ১০ হাজার ৫০৭ জন। আর এতে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৮০৩ জনের।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় এই মুহূর্তে লকডাউন তুলে নিলে দেশটিতে দ্বিতীয় দফায় ব্যাপক হারে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে এই ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত দেশটির জনগণের কারণেই। এই লকডাউনের কারণে আমেরিকায় ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছে। তাঁদের কর্মসংস্থানের নিরাপত্তা দিতেই মূলত এই সিদ্ধান্ত এসেছে। তবে কিছু রাজ্যের সিটি মেয়রেরা নিজস্ব কৌশলে স্থানীয় লকডাউন শিথিল করার পক্ষে।


প্রতিবেদনে বলা হয়, আমেরিকার প্রায় ৯০ শতাংশ মানুষ বাধ্যতামূলক লকডাউন আদেশের মধ্যে আছে। তবে কিছু রাজ্য ধীরে ধীরে এই নির্দেশনা শিথিল করে আনছে। এতে ওই সব রাজ্যের বাসিন্দারা জরুরিভাবে সেলুন ও ট্যাটু পার্লারে যেতে পারছে।


জর্জিয়া, ওকলাহোমা, আলাস্কা ও সাউথ ক্যারোলাইনায় লকডাউন শিথিল করে ইতিমধ্যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলোও এই রাজ্য প্রশাসকদের সঙ্গে আলোচনা করে সামনের সপ্তাহে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। কলোরাডোর গভর্নর জারড পোলিশ বলেছেন, এই রাজ্যে ১ মের মধ্যে সেলুন ও ট্যাটু পার্লারগুলো আবার চালু হয়ে যাবে।


টেনেসি অঙ্গরাজ্যের সব রেস্টুরেন্টকে ২৭ এপ্রিল খোলার অনুমতি দেওয়া হয়েছে। একই দিনে মিসিসিপি রাজ্যে লকডাউনের মেয়াদও শেষ হয়ে গেছে। মন্টানার গভর্নর রাজ্যের চার্চগুলো খুলে দিয়েছেন। তবে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলাচল করতে হবে বলে জানিয়ে দিয়েছেন। আর রাজ্যে রেস্টুরেন্ট ও স্কুলগুলো আগামী ৭ মে খুলে দেওয়া হবে।


এদিকে রিপাবলিকান গভর্নর শাসিত আমেরিকার আট রাজ্য আরাকানসাস, নেব্রাসকা, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা, ইউটাহ ও ওয়াইওমিংয়ে বাধ্যতামূলক স্টে হোম আদেশ জারি করা হয়নি। মিশিগানে স্টে হোম আদেশের বিরুদ্ধে প্রথমে বিক্ষোভ শুরু করেছে নাগরিকেরা। ২৭ এপ্রিল মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এক সংবাদ সম্মেলনে মিশিগান সেফ স্টার্ট প্ল্যান নামে একটি পদক্ষেপের ঘোষণা দেন। এতে যেসব কাজে সংক্রমণের ঝুঁকি কম সেসব পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বলে জানান।


ক্যালিফোর্নিয়ায় স্টে হোম আদেশ বলবৎ থাকলেও তীব্র গরমের কারণে হাজারো মানুষ আদেশ অমান্য করে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন। রাজ্যের ভেঞ্চুরা ও অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা বলেছেন, এখানে সমুদ্র সৈকত উন্মুক্ত। যারা সৈকতে এসেছে তাদের সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেই ঘুরছে। তারা অন্তত একজনের থেকে আরেকজন ছয় ফুট দূরত্বেই চলাচল করছে। তবে অন্যান্য রাজ্যে এখনো সৈকতগুলো বন্ধ করে রাখা হয়েছে।


টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, টেক্সাসে ৩০ এপ্রিল স্টে হোম আদেশের মেয়াদ শেষ হবে। তিনি আর এই মেয়াদ বাড়ানোর পক্ষে নন। কারণ ইতিমধ্যে এই স্টে হোম আদেশ যা করার করে ফেলেছে। গভর্নর বলেন, ২৭ এপ্রিল খুচরা ব্যবসাসহ রেস্টুরেন্ট, সিনেমা ও মলগুলো খুলে যেতে পারে। ১ মে ২৫ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। মে মাসের আগে সেলুন, বার ও জিম খোলার কোনো সম্ভাবনা নেই।


ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, প্রথম ধাপে আগামী ৪ মে অফিস এবং ১২ মের মধ্যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান সব খুলে দেওয়া হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


২৬ এপ্রিল হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের কো-অর্ডিনেটর দেবোরাহ বির্ক্স বলেছেন, সামার পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখেই চলতে হবে। তাহলেই কেবল এ থেকে আপাতত মুক্তি মিলতে পারে।
২৭ এপ্রিল নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক রাজ্যে আগামী ১৫ মে স্টে হোম আদেশের মেয়াদ শেষ হবে। এর পরেই রাজ্যের কিছু কিছু অংশ খুলে দেওয়া হবে। সব কিছু খুলে দেওয়ার আগে স্থানীয় প্রশাসনকে তিনি জাতীয় স্বাস্থ্য গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন।
গভর্নর অ্যান্ড্রু কুমো আরও বলেছেন, রাজ্যের কিছু কিছু এলাকায় তিনি স্টে হোম আদেশের মেয়াদ বাড়াতে পারেন। কারণ এখনো নিউইয়র্কে প্রায় প্রতিদিন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক হাজার রোগী হাসপাতালে আসছে।
নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার ক্রমশ কমে আসছে। ২৬ এপ্রিল রাজ্যে মৃত্যু হয়েছিল ৩৩৭ জনের, ২৫ এপ্রিল ছিল ৩৬৭ এবং ২৪ এপ্রিল ছিল ৪৩৭ জন।